Skip to content

LIVE 34'
Germany
1-1
Curaçao
Source: ESPN

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

নেদারল্যান্ডসকে উড়িয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

ছবি: আইসিসি

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। জুয়াইরিয়া ফেরদৌস জয়িতার ঝড়ো ফিফটি এবং শারমিন আক্তার সুপ্তা-স্বর্ণা আক্তারের দায়িত্বশীল ব্যাটিংয়ে নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়ে আসরের প্রথম ম্যাচেই পূর্ণ দুই পয়েন্ট তুলে নিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

নেদারল্যান্ডসের দেওয়া ১৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ ১৯.১ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। পাঁচ বল হাতে রেখেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় বাঘিনীরা।

রান তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলতে থাকে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে মাত্র ৭ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৬৭ রান তুলে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় তারা।

এই জুটির প্রধান কারিগর ছিলেন জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা। মাত্র ৩৩ বলে ফিফটি তুলে নেওয়া এই ব্যাটার ৫০ রান করেন সাতটি চার ও দুটি ছক্কার সাহায্যে। ছক্কা মেরে অর্ধশতক পূর্ণ করার পরপরই ইনিংসের সমাপ্তি ঘটে তার।

মাঝপথে জয়িতার বিদায়ের পর কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি কোনো রান না করেই সাজঘরে ফেরেন।

অষ্টম থেকে একাদশ ওভারের মধ্যে আরও কয়েকটি উইকেট হারিয়ে ম্যাচে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়। দিলারা আক্তার ২৩ বলে ২৬ রান করেন। অন্যদিকে সোবহানা মোস্তারি বেশিক্ষণ উইকেটে টিকে থাকতে পারেননি।

সংকটময় সময়ে দলের হাল ধরেন শারমিন আক্তার সুপ্তা ও স্বর্ণা আক্তার। দুজন মিলে অবিচ্ছিন্ন ৫৬ রানের জুটি গড়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন।

শারমিন ৩২ বলে ৩৭ রান করে অপরাজিত থাকেন। অন্যদিকে স্বর্ণা ১৭ বলে ১৮ রান করে শেষ পর্যন্ত উইকেটে থেকে দলের জয় নিশ্চিত করেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৯ রান সংগ্রহ করে নেদারল্যান্ডস।

তাদের ইনিংসের সবচেয়ে বড় অবদান আসে অধিনায়ক বাবেট ডি লিডের ব্যাট থেকে। তিনিই একমাত্র ব্যাটার হিসেবে অর্ধশতকের দেখা পান। অন্য কোনো ব্যাটার বড় ইনিংস খেলতে পারেননি।

অন্যদিকে, বাংলাদেশের বোলাররা শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিং করেন। মারুফা আক্তার দুটি উইকেট তুলে নিয়ে দলের সবচেয়ে সফল বোলার হন।

এছাড়া ফারিহা তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া খান ও ঋতু মণি একটি করে উইকেট শিকার করে নেদারল্যান্ডসকে বড় সংগ্রহ গড়তে দেননি।

বাংলাদেশের এই জয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশনের শুরুটা হলো আত্মবিশ্বাসে ভরপুর। ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই ভারসাম্যপূর্ণ পারফরম্যান্স দেখিয়ে শিরোপার লড়াইয়ে ইতিবাচক বার্তা দিল নিগার সুলতানা জ্যোতির দল।

এনএনবাংলা/