




দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ফলে চলতি বছর এ পর্যন্ত দেশজুড়ে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৬১ জনে।
বুধবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৭ জন। এর মধ্যে ১১১ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে। বাকি ৯৬৬ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে সিলেটে তিনজন এবং ময়মনসিংহে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সরকারি হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশে মোট ৫৬৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছেন আরও ৯৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ৮৮ হাজার ৮৯৫ জনের মধ্যে হামের বিভিন্ন উপসর্গ দেখা গেছে। এর মধ্যে ১০ হাজার ৬৩৪ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
এদিকে আক্রান্তদের মধ্যে উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩ হাজার ২৭৭ জন রোগী। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৯ হাজার ৬৮৮ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি জোরদার করা, আক্রান্ত ব্যক্তিকে দ্রুত চিকিৎসার আওতায় আনা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন।
এনএনবাংলা/
Tags: MeaslesMeasles_Outbreakবাংলাদেশ_স্বাস্থ্যহামে_মৃত্যু
এ সম্পর্কিত আরও পড়ুন