বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান
বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নতুনভাবে গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, গত ১৭ বছর দুই দেশের মধ্যে যেভাবে সম্পর্ক ছিল, সেখান থেকে বেরিয়ে সমতা ও পারস্পরিক মর্যাদার ভিত্তিতে নতুন সম্পর্ক প্রতিষ্ঠা করা হবে।
জাহেদ উর রহমান বলেন, ‘বন্ধু পাল্টানো যায়, কিন্তু প্রতিবেশী পাল্টানো যায় না।’ একই সঙ্গে বাংলাদেশ ও ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে যোগাযোগ ও কথাবার্তা হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা।
শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময়ের মতো ভারতের কোনো সংস্থা বা প্রতিষ্ঠানকে বাংলাদেশে কাজ করার সুযোগ দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, ‘এখন থেকে সবকিছু স্বাধীন, সার্বভৌম ও আত্মমর্যাদাশীল জাতি হিসেবে আলোচনার মাধ্যমে করা হবে।’
প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, ‘বিমসটেকের সভাপতি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। ভারতের পক্ষ থেকেও আলাদাভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। আর প্রধানমন্ত্রী যেকোনো সময় ভারতে যেতে পারেন।’
এদিনের সংবাদ সম্মেলনে ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়েও মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, সাকিব আল হাসান ভালো খেলোয়াড় হতে পারেন, কিন্তু তিনি একজন ‘নষ্ট, পচে যাওয়া মানুষ’।
তবে সাকিব আল হাসান দেশে ফিরতে চাইলে তাকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে বলে জানান জাহেদ উর রহমান। তিনি বলেন, ‘তিনি দেশে ফিরলে আদালতের মুখোমুখি হবেন এবং আইনি অধিকার পাবেন।’
এদিকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গেও কথা বলেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, ‘তাকেও দেশে পূর্ণাঙ্গ নিরাপত্তা দেওয়া হবে। সবচেয়ে বীভৎস মানুষটাও তার নাগরিক অধিকার পাবে।’
এনএনবাংলা/
