রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (বৃহস্পতিবার, ১৩ আগস্ট) দুপুরে বিএনপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। ইতোমধ্যে তিনি দলের মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। একই সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির পদ থেকেও তিনি পদত্যাগ করেছেন।
সচিবালয়ে সিনিয়র নেতাদের সঙ্গে বৃহস্পতিবার দুপুরে এক বৈঠকে মির্জা ফখরুলের প্রার্থিতা চূড়ান্ত করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে মির্জা ফখরুলের রাষ্ট্রপতি পদে প্রার্থীতার কথা ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের প্লেনারি হলে রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি পদে মোট ৩৪৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সংবিধানে বিদ্যমান ৭০ অনুচ্ছেদ এখনও বলবৎ থাকায় দলীয় সংসদ সদস্যরা তাদের দলের মনোনীত প্রার্থীকে ভোট দিতে বাধ্য থাকবেন। না হলে তাদের সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে।
২০১১ সালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হন মির্জা ফখরুল। এরপর ২০১৬ সালে দলের জাতীয় কাউন্সিলে আনুষ্ঠানিকভাবে মহাসচিব নিযুক্ত হন। দীর্ঘ এই সময়ে তিনি বিএনপির অন্যতম শীর্ষ নেতায় পরিণত হন। বিশেষ করে খালেদা জিয়ার কারাবন্দিত্ব এবং তারেক রহমানের লন্ডনে নির্বাসনের সময় তিনি দলের গুরুত্বপূর্ণ নেতৃত্বে ছিলেন।
এনএনবাংলা/এফএস
