সাম্প্রতিক
Skip to content

ডারউইন টেস্ট

দ্বিতীয় দিনেও বাংলাদেশের হাসি, দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া

ডারউইন টেস্টে তানজিদ হাসান তামিমের সেঞ্চুরি। তানজিদের হাসিমুখই বলে দিচ্ছে টেস্টের প্রথম দুই দিনের প্রতিচ্ছবি। ছবি: এএফপি

ডারউইন টেস্টের দ্বিতীয় দিনটিও নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। তানজিদ হাসান তামিমের সেঞ্চুরি, নাজমুল হোসেন শান্তর ৮৪ এবং শেষ দিকে মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদের দৃঢ়তায় দিন শেষে ৬ উইকেটে ৩৫১ রান করেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে করা ১৯৮ রানের জবাবে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ১৫৩ রানে।

দিনের শুরুটা বাংলাদেশকে এগিয়ে দেন মুমিনুল হক ও তানজিদ হাসান তামিম। দ্বিতীয় উইকেটে দুজনের ১০২ রানের জুটিটি অস্ট্রেলিয়ার মাটিতে যেকোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ জুটি। তবে হাফ সেঞ্চুরির মাত্র এক রান আগে থামেন মুমিনুল। জশ হ্যাজলউডের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ৯৫ বলে ৪৯ রান করেন তিনি।

এরপর তানজিদের সঙ্গে জুটি গড়ে বাংলাদেশের ইনিংসকে এগিয়ে নেন নাজমুল হোসেন শান্ত। ৭৪ বলে ফিফটি পূর্ণ করেন শান্ত। অন্যদিকে ১৮৮ বলে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নেন তানজিদ। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের কোনো ব্যাটারের এটিই প্রথম টেস্ট সেঞ্চুরি।

শেষ পর্যন্ত ১৯৭ বলে ১০১ রানের দুর্দান্ত ইনিংস খেলে নাথান লায়নের বলে মিচেল স্টার্কের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তানজিদ।

তানজিদের বিদায়ের পর সেঞ্চুরির পথে এগোচ্ছিলেন শান্তও। তবে দ্বিতীয় নতুন বল হাতে নিয়ে বাংলাদেশকে চাপে ফেলে অস্ট্রেলিয়া। জশ হ্যাজলউডের বলে ১২৬ বলে ৮৪ রান করা শান্তকে ফেরানোর পর দ্রুত ফিরে যান মুশফিকুর রহিম ও লিটন দাসও। মুশফিক করেন ৩৬ রান, আর লিটন কোনো রান না করেই সাজঘরে ফেরেন। তিনটি ক্যাচই দ্বিতীয় স্লিপে নেন স্টিভ স্মিথ।

একপর্যায়ে ৬ উইকেটে ৩০৮ রানে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। সেখান থেকে দলকে দারুণভাবে সামলে নেন মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ। সপ্তম উইকেটে অবিচ্ছিন্ন ৪৩ রানের জুটি গড়ে দিন শেষ করেন তারা। মিরাজ ৭৩ বলে ৩২ এবং হাসান ৭৬ বলে ১৩ রানে অপরাজিত আছেন।

দিনের শেষ বলেও অবশ্য স্বস্তির সঙ্গে কিছুটা ভাগ্য ছিল বাংলাদেশের। মার্নাস লাবুশেনের বলে গালিতে মিরাজের ক্যাচ নিতে পারেননি ক্যামেরন গ্রিন। ফলে ১৫৩ রানের লিড নিয়ে দ্বিতীয় দিন শেষ করে বাংলাদেশ।

এখন তৃতীয় দিনে লিড আরও বড় করে অস্ট্রেলিয়ার ওপর চাপ বাড়ানোর লক্ষ্য থাকবে বাংলাদেশের। ব্যাট হাতে বড় সংগ্রহ দাঁড় করাতে পারলে প্রথম ইনিংসেই ম্যাচের নিয়ন্ত্রণ আরও শক্তভাবে নিজেদের হাতে নেওয়ার সুযোগ তৈরি হবে টাইগারদের।

এদিকে খেলা শেষে সংবাদ সম্মেলনে তানজিদ বলেন, ‘আলহামদুলিল্লাহ, খুব ভালো একটা দিন পার করেছি আমরা। দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি পাওয়াটা আমার জন্য সত্যি অনেক ভালো লাগার একটি মুহূর্ত। সেঞ্চুরিটা যেহেতু অবশ্যই স্পেশাল, আমি আমার বাবা-মায়ের জন্য এটা উৎসর্গ করতে চাই।’

অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণের বিপক্ষে নিজের ব্যাটিং পরিকল্পনা নিয়ে তানজিদ বলেন, ‘আমার কাছে যেটা মনে হয়েছে ওদের বিপক্ষে নতুন বলে খেলাটা একটু কঠিন ছিল। আর আমি আসলে কখনো বোলার দেখে খেলি না, আমি সবসময় চেষ্টা করেছি বলের মেরিট অনুযায়ী ব্যাটিং করার।

এনএনবাংলা/