১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমল ১৩ টাকা, নতুন দাম ১,৫৮৫

সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) এলপিজির নতুন দাম ঘোষণা করেছে বিইআরসি। নির্ধারিত এই দাম আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।
বিইআরসির সিদ্ধান্ত অনুযায়ী, সেপ্টেম্বর মাসে প্রতি কেজি এলপিজির দাম ১ টাকা ৩ পয়সা কমানো হয়েছে। এর ফলে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ১ হাজার ৫৮৫ টাকা।
এর আগে আগস্ট মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৫৯৮ টাকা। সে হিসাবে এক মাসের ব্যবধানে সিলিন্ডারপ্রতি দাম কমেছে ১৩ টাকা।
তবে দাম কমলেও জুলাই মাসের তুলনায় এখনো ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৭ টাকা বেশি। জুলাইয়ে একই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫২৮ টাকা। আগস্টে এক লাফে দাম ৭০ টাকা বাড়িয়ে ১ হাজার ৫৯৮ টাকা করা হয়েছিল।
এদিকে, যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ৭৩ টাকা ৯ পয়সা।
এনএনবাংলা/
