সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

ছিনতাইকারীর টানে শিক্ষিকার মৃত্যু

১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি

ছবি: সংগৃহীত

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ছিনতাইকারীদের হ্যাঁচকা টানে ব্যাটারিচালিত রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষক রনজিলা পারভিনের মৃত্যুর ঘটনায় নতুন মোড় এসেছে। ঘটনার ১৮ দিন পর ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে মো. খোকন ও রাজিব মাতুব্বরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ডিবির দাবি, এই দুজনই রনজিলার ব্যাগ ছিনিয়ে নেওয়া এবং তার মৃত্যুর ঘটনায় জড়িত।

বুধবার (১৬ সেপ্টেম্বর) মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

ডিবির ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় রাজিব মোটরসাইকেল চালাচ্ছিলেন এবং পেছনে বসে খোকন রনজিলার ব্যাগ ধরে হ্যাঁচকা টান দেন। এতে রনজিলা রিকশা থেকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে একই ঘটনায় গত ৩০ আগস্ট তিনজনকে গ্রেপ্তার করেছিল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২। তখন বাহিনীটি দাবি করেছিল, গ্রেপ্তার মোশারফ হোসেন পনি ওরফে পনি গাজী ওরফে প্যারা পনি প্রধান সন্দেহভাজন এবং সেন্ড্রিক ও রাকিব তার সহযোগী। তাদের কাছ থেকে উদ্ধার করা একটি মোটরসাইকেল ছিনতাইয়ের কাজে ব্যবহৃত হয়েছিল বলেও জানানো হয়েছিল। মোটরসাইকেলটির মালিক ছিলেন রাকিব। গ্রেপ্তার তিনজন বর্তমানে কারাগারে রয়েছেন।

তবে তাদের গ্রেপ্তার ও উদ্ধার হওয়া মোটরসাইকেল নিয়ে তখনই প্রশ্ন ওঠে। পনি নিজেও ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন। এবার ডিবি বলছে, এসআরবির হাতে গ্রেপ্তার তিনজন রনজিলার মৃত্যুর ঘটনায় জড়িত নন। তারা এবং ডিবির হাতে গ্রেপ্তার খোকন ও রাজিব দুটি আলাদা গ্রুপের সদস্য।

ডিবির দাবি, এসআরবি যে মোটরসাইকেলটি উদ্ধার করেছিল, সেটি রনজিলাকে ছিনতাইয়ের ঘটনায় ব্যবহার করা হয়নি। সিসিটিভি ফুটেজের সঙ্গে মোটরসাইকেলটি মিলিয়ে দেখা হলে এর রং ও অন্যান্য বৈশিষ্ট্যে পার্থক্য পাওয়া যায়।

মঙ্গলবার খোকন ও রাজিবকে গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল, রনজিলার লুণ্ঠিত ব্যাগ ও মোবাইল ফোন উদ্ধারের কথা জানিয়েছে ডিবি। সংবাদ সম্মেলনে রনজিলার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

রনজিলার স্বামী আবদুল মতিন বলেন, উদ্ধার করা ব্যাগ ও অন্যান্য মালামাল তার স্ত্রীর। যাদের গ্রেপ্তার করা হয়েছে, তারাই ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিলেন বলে তিনি জানান। পুলিশের কাছে তারা বিষয়টি স্বীকারও করেছেন বলে দাবি করেন তিনি।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বলেন, বগুড়া থেকে ঢাকায় চিকিৎসা করাতে এসে গত ২৯ আগস্ট ভোরে মানিক মিয়া অ্যাভিনিউয়ে ছিনতাইকারীদের কবলে পড়েন রনজিলা। একই রিকশায় তার স্বামী আবদুল মতিনও ছিলেন। ছিনতাইকারীরা তার ব্যাগ ধরে হ্যাঁচকা টান দিলে রিকশা থেকে পড়ে যান তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় রনজিলার স্বামী শেরেবাংলা নগর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন।

শফিকুল ইসলাম জানান, ঘটনার পর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে খোকন ও রাজিবকে শনাক্ত করা হয়। মঙ্গলবার মিরপুরের মনিপুর পশ্চিমপাড়া থেকে খোকনকে গ্রেপ্তার করা হয়। তার গ্রামের বাড়ি ভোলার সদর উপজেলার গজারিয়ায়।

ডিবির দাবি, জিজ্ঞাসাবাদে খোকন ঘটনার সময় মোটরসাইকেলের পেছনে বসে রনজিলার ব্যাগে হ্যাঁচকা টান দেওয়ার কথা স্বীকার করেছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মিরপুর থানার বড়বাগ এলাকা থেকে রনজিলার ছিনতাই হওয়া ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভেতর ছিল তার ব্যবহৃত পোশাক, বাসের টিকিটের অংশ, চশমার খাপ ও কিছু ওষুধ। পরে মিরপুর-১ এলাকা থেকে রনজিলার মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

এরপর বিরুলিয়া থেকে রাজিব মাতুব্বরকে গ্রেপ্তার করা হয়। ডিবি জানিয়েছে, তার কাছ থেকে ৬২২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। রাজিবের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়।

ডিবির ভাষ্য, উদ্ধার করা মোটরসাইকেলটিই ২৯ আগস্ট রনজিলাকে ছিনতাইয়ের সময় ব্যবহার করা হয়েছিল। ঘটনার সময় রাজিব মোটরসাইকেলটি চালাচ্ছিলেন এবং মোটরসাইকেলটি তার নিজের।

ডিবি আরও জানিয়েছে, রাজিবের বিরুদ্ধে অস্ত্র, দস্যুতা, চুরি, মারামারি ও দ্রুত বিচার আইনের মামলাসহ আটটি মামলা রয়েছে। খোকনের বিরুদ্ধে মাদকের তিনটি মামলা রয়েছে।

এসআরবির হাতে গ্রেপ্তার তিনজন জড়িত নন: ডিবি

সাংবাদিকদের প্রশ্নের জবাবে অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, এসআরবির হাতে গ্রেপ্তার তিনজনকে জিজ্ঞাসাবাদ এবং পরবর্তী সময়ে পাওয়া তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে রনজিলার মৃত্যুর ঘটনায় তাদের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তদন্তে নিশ্চিত হওয়া গেছে, তারা এ ঘটনায় জড়িত নন।

তিনি বলেন, সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করেই খোকন ও রাজিবকে শনাক্ত করা হয়েছে।

ডিবি প্রধান আরও বলেন, এসআরবি যে মোটরসাইকেলটি ছিনতাইয়ে ব্যবহৃত হয়েছিল বলে জানিয়েছিল, সেটি সিসিটিভি ফুটেজের সঙ্গে মিলিয়ে দেখা হয়েছে। ফুটেজে দেখা মোটরসাইকেলের রং এবং এসআরবির উদ্ধার করা মোটরসাইকেলের রং ভিন্ন।

আগে গ্রেপ্তার হওয়া তিনজনের বিরুদ্ধে এই মামলায় সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়া গেলে তাদের মামলা থেকে বাদ দেওয়া হবে বলেও জানান শফিকুল ইসলাম। তবে তিনি বলেন, পনির বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে।

অন্যদিকে, এসআরবি-২-এর অধিনায়ক নয়মুল হাসান বলেন, শুরু থেকেই তারা তিনজনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করেছিলেন। তার ভাষ্য, পনির সঙ্গে রাজিবের চেহারার অনেকটা মিল থাকায় তাকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছিল। আইনের কোনো ব্যত্যয় ঘটেনি বলেও দাবি করেন তিনি। তদন্তে সংশ্লিষ্টতা না পাওয়া গেলে তারা ওই মামলা থেকে রেহাই পাবেন।

এনএনবাংলা/