সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

তারেক রহমান নিজে নিজে দায়িত্ব নেননি, কোটি কোটি মানুষের ভোটে নির্বাচিত: কুসিক প্রশাসক

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) ৭ম প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। ছবি: নিউ নেশন অনলাইন

কুমিল্লা সিটি করপোরেশন, কুসিকের ৭ম প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে নিজে দেশের দায়িত্ব নিয়ে নেননি। কোটি কোটি মানুষের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রধানমন্ত্রী হয়েছেন। একটি ধ্বংসস্তুপে পরিণত অবস্থা থেকে উত্তরণের জন্য তিনি সকাল ৭টা থেকে শুরু করে রাত পর্যন্ত নিরলসভাবে দেশের জন্য কাজ করে যাচ্ছেন। আত্মনির্ভরশীল, স্বনির্ভর নতুন বাংলাদেশ বিনির্মাণে তিনি যেসব পরিকল্পনা নিচ্ছেন, প্রতিটি পরিকল্পনা পরিবর্তনের সিগন্যাল দিচ্ছে।

দ্য নিউ নেশনের সাথে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন কুসিকের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। সাক্ষাৎকারটি নিয়েছেন অ্যাসাইনমেন্ট এডিটর মোহাম্মদ আবদুল অদুদ।

নিউ নেশন: আপনি কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক হওয়ার পর কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে?

কুসিক প্রশাসক: চ্যালেঞ্জ বলতে অবহেলিত কুমিল্লা, বিগত সরকারের সময়ে অপরিকল্পিত নগরায়ণের মাধ্যমে কুমিল্লাকে ধ্বংস করে দেয়া হয়েছে। এটা আমাদের বড় চ্যালেঞ্জ। মোটাদাগে যানজট, জলাবদ্ধতা, দূষণমুক্ত ও পরিচ্ছন্ন আধুনিক কুমিল্লা আমার চ্যালেঞ্জ, যেখানে নগরবাসী তাদের নাগরিক সুবিধাগুলো সহজেই পেতে পারে।

নিউ নেশন: যানজট নিরসনে আপনি কী কী উদ্যোগ নিয়েছেন?

কুসিক প্রশাসক: দায়িত্ব পাওয়ার পর থেকে চ্যালেঞ্জ উত্তরণের জন্য আমি যথাযথ পদক্ষেপ নিয়েছি। রাস্তা প্রশস্ত করার উদ্যোগ নিয়েছি। ফুটপাত দখলমুক্ত করেছি। কিছু অবৈধ বাজার ছিল, সেগুলো আমরা দখলমুক্ত করেছি। অটোরিক্সাকে ৭-৮ হাজারের সীমাবদ্ধতার মধ্যে আনা এবং এগুলোকে রেজিস্ট্রেশনের আওতায় আনার পদক্ষেপ নিয়েছি।

নিউ নেশন: জলাবদ্ধতা নিরসনে আপনি কী ধরনের উদ্যোগ নিয়েছেন?

কুসিক প্রশাসক: জলাবদ্ধতা সমস্যা কুমিল্লার দীর্ঘদিনের সমস্যা। এ সমস্যা নিরসন করা এত সহজ নয়। অনেক কঠিন। জলাবদ্ধতা নিরসনে ইতোমধ্যে কনসালটেন্ট নিয়োগ দেওয়া হয়েছে। সার্ভেয়ার কাজ করছেন। এ সমস্যার স্থায়ী সমাধানে আমরা কাজ করছি। মাথার উপরে যে ঝঞ্জাল, তার আর তার সেগুলো কীভাবে মাটির নিচে সংরক্ষণ করে পরিকল্পিত নগরী করা যায়, সেজন্য আমরা কাজ করছি।

নিউ নেশন: আধুনিক কুমিল্লা প্রতিষ্ঠার জন্য আপনার কোনো উদ্যোগ আছে কি না?

কুসিক প্রশাসক: অবশ্যই। আধুনিক কুমিল্লা প্রতিষ্ঠার জন্য আমরা পরিকল্পিতভাবে কাজ করে যাচ্ছি। আগামীর কুমিল্লা যেন বাংলাদেশের জন্য একটি মডেল সিটি হতে পারে, সেজন্য আমরা কাজ করছি।

নিউ নেশন: জুলাই গণঅভ্যুত্থানকালে ১৯ জুলাই আপনার বাড়িতে হামলা হয়। বিষয়টিকে আপনি কীভাবে মূল্যায়ন করছেন?

কুসিক প্রশাসক: জুলাই গণঅভ্যুত্থানকালে ১৯ জুলাই সারাদেশে আবু সাঈদ ও ওয়াসিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির মহাসচিব ও আজকের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিক্ষোভের জন্য আমরা যখন প্রস্তুতি নিচ্ছিলাম, আমাদের নেতা-কর্মীরা জড়ো হতে শুরু করে, তখন আওয়ামী সন্ত্রাসীরা এলোপাথারি গুলিবর্ষণ শুরু করে। প্রথমে আমাদের নেতা আজকের কৃষি, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী ও তৎকালীন জেলা বিএনপির আহবায়ক আলহাজ আমিনুর রশিদ ইয়াসিন ভাইয়ের বাড়িতে হামলা করে। তারপর আমার বাড়িতে, আমার যে বিবেক নামে সংগঠন আছে, তার অফিসের সামনে নেতা-কর্মীরা জড়ো হতে থাকলে সন্ত্রাসীরা হামলা করে। আমিসহ আমাদের অনেক নেতাকর্মী গুলিবিদ্ধ হই। গতকাল (মঙ্গলবার) আমার সহযোদ্ধা ছাত্রদল নেতা আক্তার মারা যান। আমরা কিন্তু তখনো রাজপথ ছাড়িনি, ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকার দেশত্যাগের আগ পযন্ত রাজপথ ছাড়িনি। রাজনীতি করি, রাজপথে আছি, রাজপথেই থাকব।

নিউ নেশন: তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মানে আপনারা কাজ করে যাচ্ছেন, কিন্তু কিছু দুষ্টু লোক বলছেন, সরকার ৫ বছর টিকবে না। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন?

কুসিক প্রশাসক: এটা আসলে আমলে নেয়ার মত বিষয় নয়। কি কারণে টিকবে না, এমন কোনো কারণ আমি দেখছি না। বিগত ফ্যাসিস্ট সরকার হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচার করে দেশকে ধ্বংসস্তুপে পরিণত করে। সেখান থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশ মাতা বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি তারেক রহমান দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে নিজে দেশের দায়িত্ব নিয়ে নেননি। কোটি কোটি মানুষের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রধানমন্ত্রী হয়েছেন। একটি ধ্বংসস্তুপে পরিণত অবস্থা থেকে উত্তরণের জন্য তিনি সকাল ৭টা থেকে শুরু করে অনেক রাত পর্যন্ত নিরলসভাবে দেশের জন্য কাজ করে যাচ্ছেন। আত্মনির্ভরশীল, স্বনির্ভর নতুন বাংলাদেশ বিনির্মাণে তিনি যেসব পরিকল্পনা নিচ্ছেন, প্রতিটি পরিকল্পনা পরিবর্তনের সিগন্যাল দিচ্ছে। আপনি বড় কিছু করবেন, সময় তো দিতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দৈন্যন্দিন রুটিনটা দেখেন, তার আচার-আচরণ দেখেন। আমরা তো তাকে ফলো করছি। সবকিছু আল্লাহর হাতে। তবে আমরা মনে করি, তারেক রহমান বাংলাদেশকে ইতিবাচক ধারায় এমন জায়গায় নিয়ে যাবেন, তিনি যদি পরবর্তীতে নির্বাচন করতে নাও চান, বাংলাদেশের জনগণ তাকে নির্বাচন করতে বাধ্য করবে। এটা আমাদের আত্মবিশ্বাস।

নিউ নেশন: করোনাকালে বিবেক নামক সংগঠনের মাধ্যমে আপনি যে লাশ কবরস্থ করার উদ্যোগ নিয়েছিলেন, এটি কি জনপ্রিয়তার জন্য করেছেন, না মানবতার জন্য?

কুসিক প্রশাসক: জনপ্রিয়তার জন্য কি কেউ আত্মহত্যা করে? আত্মত্যাগ করে? আমরা করোনাকালে বিবেক একটি সংগঠনের আমরা ১১জন মোট ৪৭৬টি লাশ দাফন করেছি। সেই সময়টি ভুলে গেলে চলবে না। যখন মা তার ছেলের কাছে যায়নি, আত্মীয়-স্বজনরা লাশের কাছে যেতে চায়নি তখন একদিনে সকাল থেকে সন্ধ্যা পযর্ন্ত জীবনের ঝুঁকি নিয়ে ১২টি লাশ দাফন করেছি। কোরবানীর ঈদের দিন ৭টি লাশ দাফন করেছি। মৃত্যু নিশ্চিত জেনে এই কাজ করেছি মানবতার জন্য, জনপ্রিয়তার জন্য নয়। মহান আল্লাহ আমাদেরকে দিয়ে এই পবিত্র কাজটি করিয়েছেন বলেই আমরা পেরেছি। আমাদের মনে ন্যুনতম অন্য কিছু থাকলে আল্লাহ তায়ালা হয়তো আমাদের দিয়ে এটা করাতেন না।

এনএনবাংলা/