রাজধানীর ৪ স্থানে ককটেল বিস্ফোরণ, পথচারী আহত

রাজধানীর চারটি এলাকায় কয়েক ঘণ্টার ব্যবধানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত ৮টার মধ্যে যাত্রাবাড়ী, মালিবাগ, আগারগাঁও ও মহাখালী এলাকায় এসব বিস্ফোরণ ঘটে।
এর মধ্যে যাত্রাবাড়ীতে পরপর পাঁচটি ককটেল বিস্ফোরণে একজন পথচারী আহত হওয়ার খবর পাওয়া গেছে। অন্য ঘটনাগুলোতে হতাহতের খবর পাওয়া যায়নি।
যাত্রাবাড়ীতে পরপর পাঁচ বিস্ফোরণ
পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যা পৌনে ৮টার দিকে যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একজন পথচারী আহত হয়েছেন বলে জানা গেছে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ রাজু বিষয়টি নিশ্চিত করেছেন।
মহাখালী ও আগারগাঁওয়েও বিস্ফোরণ
এর কিছুক্ষণ আগে সন্ধ্যার দিকে রাজধানীর মহাখালী এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। একই সময় আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবনসংলগ্ন সড়কেও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
শের-ই বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, বাংলাদেশ বেতার ভবনসংলগ্ন এলাকায় একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে ঘটনাস্থলে ককটেল বা বোমা বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি।
অন্যদিকে বনানী থানার পরিদর্শক (অপারেশন্স) এ কে এম মহিন উদ্দিন বলেন, সন্ধ্যার দিকে মহাখালীর আমতলী মোড়ে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
মালিবাগে ফ্লাইওভার থেকে নিক্ষেপ
এর আগে শুক্রবার বিকেলে শাহজাহানপুর থানাধীন মালিবাগ রেলগেটসংলগ্ন প্রধান সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ জানায়, তিনতলা বিশিষ্ট মালিবাগ ফ্লাইওভারের ওপর থেকে অজ্ঞাত দুর্বৃত্তরা দুটি ককটেল নিচের সড়কে নিক্ষেপ করে। পরে সেগুলো সড়কে বিস্ফোরিত হয়।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সেদিন প্রথমে জগন্নাথ হল গেট এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ হয়। কিছুক্ষণ পর টিএসসি এলাকায় আরও একটি ককটেল বিস্ফোরিত হয়।
এ ছাড়া একই দিন দুপুরে চলন্ত মোটরসাইকেল থেকে সুপ্রিম কোর্ট এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটানোর ঘটনাও ঘটে।
এনএনবাংলা/
