সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

৫ তলা ভবন নির্মাণ নিয়ে বিরোধ, অভিযোগকে সাজানো-বানোয়াট দাবি বিবাদীর

নীলফামারী পৌরসভার বাবুপাড়া এলাকায় পাঁচতলা ভবন নির্মাণকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে আদালতের কারণ দর্শানোর নোটিশকে ঘিরে পাল্টাপাল্টি বক্তব্য পাওয়া গেছে। ভবন নির্মাণে অনুমোদন ও বিধিমালা লঙ্ঘনের অভিযোগ করেছেন আফসানা আফরোজ। তবে এসব অভিযোগকে সাজানো, বানোয়াট ও হয়রানিমূলক বলে দাবি করেছেন ভবনের মালিক মোঃ মুশফিকুর রহমান।

আদালতে দাখিল করা আবেদনে আফসানা আফরোজ অভিযোগ করেন, মোঃ মুশফিকুর রহমান প্রথমে চারতলা ভবন নির্মাণের অনুমোদন নেন এবং নির্মাণকাজ শেষ করার পর পৌরসভা থেকে আরও একটি তলার অনুমোদন নিয়ে পাঁচতলা ভবনের নির্মাণকাজ শুরু করেন। এতে সরকারি বিধি ও বিল্ডিং কোড লঙ্ঘন করা হয়েছে বলে আবেদনে দাবি করা হয়।

তবে অভিযোগ অস্বীকার করে মোঃ মুশফিকুর রহমান বলেন, ভবন নির্মাণের ক্ষেত্রে প্রয়োজনীয় নিয়ম-কানুন অনুসরণ করা হয়েছে। ভবনের সয়েল টেস্ট, প্ল্যান, ডিজাইনসহ প্রয়োজনীয় বিষয় নিয়ম অনুযায়ী সম্পন্ন করা হয়েছে বলেও তিনি দাবি করেন।

মুশফিকুর রহমান বলেন, আবেদনকারী পক্ষের সঙ্গে ভবন নির্মাণ নিয়ে বিরোধ সৃষ্টি হলেও তাদের অভিযোগের আইনগত ও বাস্তব কোনো ভিত্তি নেই। আবেদনকারী তার কোনো ওয়ারিশ নন এবং ভবন নির্মাণের কারণে আবেদনকারী বা তার পরিবারের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও নেই বলে দাবি করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, আফসানা আফরোজ নিজেও পৌরসভার নিয়মনীতি যথাযথভাবে অনুসরণ না করে চারতলা ভবন নির্মাণ করেছেন। তার দাবি, ওই ভবনটি একটি পুকুরের ওপর নির্মাণ করা হয়েছে এবং একপর্যায়ে ভবনের দেয়াল ধসে পড়েছিল। বর্তমানে ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলেও দাবি করেন তিনি। এ-সংক্রান্ত ছবি তার কাছে রয়েছে এবং প্রয়োজন হলে আদালতে তা উপস্থাপন করবেন বলে জানান।

মুশফিকুর রহমান আরও বলেন, ভবন নির্মাণের বিষয়কে কেন্দ্র করে তাকে হয়রানি করার উদ্দেশ্যেই অভিযোগ ও আদালতের আশ্রয় নেওয়া হয়েছে। তিনি বিষয়টির সঠিক তদন্ত এবং প্রকৃত তথ্য যাচাইয়ের দাবি জানান।

এদিকে, আফসানা আফরোজের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত প্রতিপক্ষ মোঃ মুশফিকুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। নোটিশে নির্ধারিত তারিখে সকাল ৯টায় আদালতে স্বয়ং অথবা আইনজীবীর মাধ্যমে উপস্থিত হয়ে আবেদনের বিরুদ্ধে কারণ দর্শাতে বলা হয়েছে। নির্ধারিত সময়ে উপস্থিত না হলে আবেদনটির একতরফা শুনানি হতে পারে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

আবেদনকারী ফৌজদারি কার্যবিধির ১৩৩ ধারার বিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, নির্মাণকাজ স্থগিত এবং কথিত অবৈধ অংশ অপসারণের আবেদন করেছেন।

এ বিষয়ে নীলফামারী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ তারেক রেজা বলেন, মোহাম্মদ মুশফিকুর রহমানের ভবনের প্ল্যান ও ডিজাইনসহ প্রয়োজনীয় বিষয়গুলো ঠিক ছিল। তবে পরবর্তীতে আফসানা আফরোজের আবেদনের ভিত্তিতে এবং চাপের কারণে ভবনটির পঞ্চম তলার নির্মাণকাজ স্থগিত রাখার জন্য নোটিশ দেওয়া হয়েছে।

এনএনবাংলা/