সাম্প্রতিক
Skip to content

Independent University Bangladesh Spring 2027 admission

হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার চাবুক মারা হলো

ছবিঃ সংগৃহীত

হিজাব ছাড়া গান গেয়ে তা অনলাইনে সম্প্রচার করার অভিযোগে ইরানের আলোচিত সংগীতশিল্পী পারাস্তো আহমাদি এবং তার দলের চার সদস্যকে ৭৪টি করে বেত্রাঘাত (চাবুক মারা) করা হয়েছে। গতকাল সোমবার (২৩ নভেম্বর) আদালতের পূর্বনির্ধারিত রায় অনুযায়ী তাদের এই শাস্তি কার্যকর করা হয়।

পারাস্তো আহমাদির আইনজীবী সাজা কার্যকরের বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, গত জুনে আদালত এই দণ্ডাদেশ দিয়েছিলেন। সোমবার পারাস্তো এবং ওই কনসার্টের প্রোডাকশন দলের বাকি চার সদস্যের ওপর ৭৪টি করে চাবুকের আঘাত কার্যকর করা হয়েছে।

ঘটনার সূত্রপাত ২০২৪ সালের ডিসেম্বরে। সে সময় পারাস্তো আহমাদি ও তার দল ইউটিউবে একটি ভার্চুয়াল লাইভ কনসার্টের আয়োজন করেন। সেখানে কোনো ধরনের হিজাব বা মাথার স্কার্ফ ছাড়াই আবেগঘন ও জোরালো কণ্ঠে গান পরিবেশন করেন পারাস্তো। ইরানের প্রচলিত আইন অনুযায়ী, ক্রীড়াঙ্গন থেকে শুরু করে সংগীত বা যেকোনো জনসমাগমস্থলে নারীদের জন্য হিজাব পরিধান করা বাধ্যতামূলক।

এই ঘটনার পর পারাস্তো ও তার সহযোগীদের বিরুদ্ধে প্রকাশ্যে শালীনতা ভঙ্গ এবং অশ্লীল ও কুরুচিপূর্ণ কনটেন্ট তৈরি ও প্রচারের অভিযোগ এনে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে আদালত তাদের এই শারীরিক দণ্ডের আদেশ দেন।

ইরানে সংগীতশিল্পীদের ওপর এমন কঠোর দণ্ড প্রয়োগের ঘটনা এটিই প্রথম নয়। এর আগে ২০২৫ সালের মার্চে গানের মাধ্যমে নারীদের হিজাব খুলে ফেলার আহ্বান জানানোয় মেহদি ইয়াররাহি নামের এক পুরুষ সংগীতশিল্পীকেও ৭৪টি বেত্রাঘাত করা হয়েছিল।

উল্লেখ্য, ২০২২ সালের সেপ্টেম্বরে ঠিকমতো হিজাব না পরার অভিযোগে দেশটির নৈতিকতা পুলিশের হেফাজতে মাহসা আমিনি নামের এক তরুণীর মৃত্যু হয়। সেই ঘটনার পর ইরানজুড়ে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং এরপর থেকেই দেশটির তরুণীদের মধ্যে বাধ্যতামূলক হিজাব আইন অমান্য করার প্রবণতা উল্লেখযোগ্য হারে বেড়ে যায়।

এনএনবাংলা/ইএস