১১ দলসহ নিরপেক্ষ ভেন্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ চায় জামায়াত

সরকারের সঙ্গে সংলাপে ১১ দলীয় ঐক্যের সব শরিককে নিয়ে অংশ নিতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ জন্য সচিবালয় কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিবর্তে নিরপেক্ষ কোনো স্থানে সংলাপ আয়োজনের প্রস্তাব দিয়েছে দলটি। একই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়নকে সংলাপের প্রধান শর্ত হিসেবে তুলে ধরেছে জামায়াত।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বৈঠকে সরকারের সঙ্গে সংলাপ, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময়, কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে জামায়াতের অংশগ্রহণ এবং দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
বৈঠকে সিদ্ধান্ত হয়, সরকারের সঙ্গে সংলাপে জামায়াত এককভাবে নয়, ১১ দলীয় ঐক্যের ব্যানারে অংশ নেবে। নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময়েও জোটগতভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি।
নিরপেক্ষ ভেন্যুতে সংলাপ চায় জামায়াত
সরকার ও বিএনপির পক্ষ থেকে যোগাযোগের পর জামায়াত জানিয়েছে, সংলাপ আয়োজন করতে হবে নিরপেক্ষ কোনো স্থানে। সচিবালয় কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংলাপে বসতে রাজি নয় দলটি।
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, বিরোধী দল হিসেবে জামায়াতের সঙ্গে সরকারের যোগাযোগ রয়েছে। সরকারের উদ্যোগে আয়োজিত সংলাপে কীভাবে অংশ নেওয়া হবে, তা নিয়ে নির্বাহী পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে।
তিনি বলেন, নির্বাহী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, ১১ দলীয় ঐক্য জোটগতভাবে সংলাপে অংশ নেবে। সংলাপের দিনক্ষণ চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
গোলাম পরওয়ার আরও বলেন, ১১ দলীয় ঐক্যের সঙ্গে সরকারের সংলাপ হলে সেখানে এনসিপি থাকবে বলে তাদের জানানো হয়েছে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সরকার ও বিএনপির পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ১১ দলীয় ঐক্য একসঙ্গে বসার বিষয়ে তাদের জানানো হয়েছে।
তিনি বলেন, ‘এ বিষয়ে আমরা অনড়। এ ছাড়া সচিবালয় কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয়ে নয়, নিরপেক্ষ ভেন্যুতে বসার বিষয়টিও জানিয়েছি।’
জুলাই সনদ বাস্তবায়ন প্রধান শর্ত
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক বা সংলাপের বিষয়ে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ বলেন, বৈঠক ও সংলাপ এক বিষয় নয়। সংলাপের জন্য নিরপেক্ষ ভেন্যু প্রয়োজন। সেখানে দাবিদাওয়া ও ঐকমত্যে পৌঁছানোর বিষয় থাকে।
তিনি বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন আমাদের প্রধান শর্ত। জুলাই সনদ বাস্তবায়ন হলে অধিকাংশ সমস্যার সমাধান।’
হামিদুর রহমান আযাদ আরও বলেন, যোগাযোগ ও আলোচনা চলছে। জামায়াত এককভাবে নয়, জোটগতভাবেই সংলাপে বসতে চায়। শিগগিরই সংলাপ অনুষ্ঠিত হবে বলে তারা আশা করছেন।
নির্বাচন কমিশনের সঙ্গেও ১১ দলের ব্যানারে সংলাপ
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়ের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। আগামী ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর তিন দিন এ মতবিনিময় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রথম দিন বিএনপি-জামায়াতসহ ১৯টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন।
জামায়াত জানিয়েছে, নির্বাচন কমিশনের সঙ্গেও ১১ দলীয় ঐক্যের ব্যানারে একসঙ্গে মতবিনিময়ে অংশ নিতে চায় তারা। এ বিষয়ে কমিশনকে জানানো হয়েছে।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘যেহেতু আমাদের দাবিদাওয়া সবই এক, সেহেতু নির্বাচন কমিশনের সঙ্গেও একসঙ্গে বসতে চাই। ইসিকে জানানো হয়েছে। সব ঠিক থাকলে রোববার একসঙ্গেই বসব।’
শুক্রবার ১১ দলের লিয়াজোঁ কমিটির বৈঠক
সরকারের সঙ্গে সংলাপ এবং নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শুক্রবার (২৭ নভেম্বর) ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির সভা ডাকা হয়েছে বলে জোটের পক্ষ থেকে জানানো হয়েছে।
বৈঠকে দুই সংলাপের বিষয়ে জোটের অবস্থান ও পরবর্তী করণীয় চূড়ান্ত করা হতে পারে।
এনএনবাংলা/


