Skip to content

মানিগঞ্জে আগুনে ১৫টি দোকান পুড়ে ছাই

মানিকগঞ্জের শিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে বেশ কয়েকটি দোকান। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

সোমবার (২৫ মার্চ) রাত চারটার দিকে উপজেলায় আরিচা বন্দর এলাকায় কাঠপট্টিতে আগুনের এই ঘটনাটি ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, রাত ৪টার দিকে একটি কাঠের ফার্নিচারের দোকানে আগুন লাগে। ধীরে ধীরে সেই আগুন অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। এতে করে সেখানে থাকা ছোট বড় ১৫টা ফার্নিচারের দোকান, একটি স’ মিল ও পাশে থাকা একটি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

শিবালয় উপজেলা ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. নাদির হোসেন জানান, আমরা রাত ৪টার দিকে সংবাদ পাই আরিচা বন্দর এলাকায় কাঠপট্টিতে আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে দুইটি ইউনিট নিয়ে কাজ শুরু করি। পরে ঘিওরের আরও একটি ইউনিট ঘটনাস্থলে আসে। তার আগেই আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে।

প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

—-ইউএনবি