Skip to content

LIVE 90'
Brazil
1-1
Morocco
Source: ESPN

টাকা তুলতে মৃত বোনের কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির ভাই

 

ভারতের ওড়িশায় এক হৃদয়বিদারক ও ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। মৃত বোনের ব্যাংক হিসাব থেকে মাত্র ১৯ হাজার ৩০০ টাকা তুলতে কঙ্কাল সঙ্গে নিয়ে ব্যাংকে হাজির হয়েছেন এক ভাই।

সোমবার (২৭ এপ্রিল) কেউনঝড় জেলার ডিআনালি গ্রামের বাসিন্দা জিতু মুন্ডা তার বোন কাকরা মুন্ডার কঙ্কাল কাপড়ে জড়িয়ে প্রায় তিন কিলোমিটার পথ হেঁটে স্থানীয় একটি ব্যাংকে পৌঁছান। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানা যায়, প্রায় দুই মাস আগে কাকরা মুন্ডার মৃত্যু হয়। তার স্বামী ও একমাত্র সন্তান আগেই মারা যাওয়ায় জিতুই ছিলেন তার একমাত্র নিকটাত্মীয়। পরে বোনের ব্যাংক অ্যাকাউন্টে থাকা টাকা তুলতে গেলে ব্যাংক কর্তৃপক্ষ তাকে জানায়, অ্যাকাউন্টধারীকে সশরীরে উপস্থিত হতে হবে অথবা বৈধ উত্তরাধিকার সনদ দেখাতে হবে। কিন্তু দরিদ্র ও অশিক্ষিত জিতুর কাছে প্রয়োজনীয় এসব কাগজপত্র ছিল না।

আইনি জটিলতা এবং ব্যাংকের কঠোর অবস্থানে হতাশ হয়ে শেষ পর্যন্ত চরম সিদ্ধান্ত নেন জিতু। তিনি গ্রামের শ্মশান থেকে বোনের কঙ্কাল তুলে এনে সেটি নিয়েই ব্যাংকে হাজির হন।

এ দৃশ্য দেখে স্থানীয়রা হতবাক হয়ে পড়েন। অনেকেই ব্যাংকের আচরণকে অমানবিক বলে ক্ষোভ প্রকাশ করেন। তাদের দাবি, চাইলে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে বিষয়টি যাচাই করে সহজ সমাধান করা যেত।

পরে বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মানবিক দিক বিবেচনায় সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে এবং এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষের কাছেও ব্যাখ্যা চাওয়া হয়েছে।

এনএনবাংলা/পিএইচ