Skip to content

কয়েক ঘণ্টার বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম

 

মাত্র কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতেই চট্টগ্রাম নগরীতে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নগরীর বিভিন্ন নিচু এলাকা পানির নিচে তলিয়ে যাওয়ায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরের পর শুরু হওয়া বৃষ্টিতে নগরীর প্রবর্তক মোড় এলাকায় কোমরসমান পানি জমে যায়। ফলে ওই সড়কে যান চলাচল প্রায় বন্ধ হয়ে পড়ে। পথচারীরা ঝুঁকি নিয়ে পানির মধ্য দিয়ে চলাচল করতে বাধ্য হন। এছাড়া ছোট যানবাহনগুলো পানিতে বিকল হয়ে পড়ায় ভোগান্তি আরও বেড়ে যায়।

চট্টগ্রাম আমবাগান আবহাওয়া অফিসের ইনচার্জ বিজন রায় জানান, সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী ২৪ ঘণ্টায়ও বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে তিনি উল্লেখ করেন।

অন্যদিকে পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ বিশ্বজিৎ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় ৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। তিনি আরও বলেন, আগামী চার দিন মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে জলাবদ্ধতা পরিস্থিতি আরও অবনতির পাশাপাশি পাহাড় ধসের ঝুঁকিও বাড়তে পারে। বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখানো হয়েছে বলেও জানান তিনি।

এদিকে নগরবাসীর অভিযোগ, প্রতিবছর বর্ষা মৌসুমে একই চিত্রের পুনরাবৃত্তি ঘটলেও জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয়। বিশেষজ্ঞদের মতে, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, খাল পুনরুদ্ধার এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ ছাড়া এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।

এনএনবাংলা/পিএইচ