Skip to content

ভারতের ভিসা প্রক্রিয়া শীঘ্রই স্বাভাবিক হবে: পররাষ্ট্রমন্ত্রী

 

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের ভিসা প্রাপ্তি সহজতর করা এবং বর্তমান স্থবিরতা কাটিয়ে শিগগিরই ভিসা কার্যক্রম স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৩তম দিনে জাতীয় সংসদে কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবুর ইকবালের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

বেলা তিনটায় শুরু হওয়া ওই অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। এদিন সংসদে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করা হয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতসহ দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বর্তমান সম্পর্ক সৌহার্দ্য, বন্ধুত্ব ও সংহতির ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। এই সম্পর্কের মূল ভিত্তি অভিন্ন মূল্যবোধ।

তিনি আরও জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই সার্বভৌম সমতা, ন্যায্যতা এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে জাতীয় স্বার্থ সমুন্নত রেখে ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার উদ্যোগ অব্যাহত রয়েছে।

ভিসা সংক্রান্ত জটিলতা দূর করতে সরকার ইতোমধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে বলেও সংসদকে জানান তিনি।

ড. খলিলুর রহমান বলেন, সম্প্রতি ভারত সফরকালে সেদেশের পররাষ্ট্রমন্ত্রী, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে।

তিনি জানান, ওই বৈঠকগুলোতে বাংলাদেশি নাগরিকদের জন্য ভ্রমণ ও ব্যবসায়িক ভিসা প্রক্রিয়া পুনরায় স্বাভাবিক করার বিষয়ে জোরালো আহ্বান জানানো হয়েছে। এসব আলোচনার ইতিবাচক ফলস্বরূপ শিগগিরই ভিসা সংক্রান্ত বিষয়ে দৃশ্যমান অগ্রগতি আসবে বলে আশা করা হচ্ছে।

এনএনবাংলা/পিএইচ