



এশিয়ান গেমসের হকি বাছাইয়ে ইতিহাস গড়ে চলেছে বাংলাদেশ নারী দল। দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতায় আইরিন রিয়ার হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ।
ইন্দোনেশিয়ার জাকার্তায় মঙ্গলবার অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে শক্তিশালী সিঙ্গাপুরকে হারিয়ে দেয় লাল-সবুজের প্রতিনিধিরা। চারবার এশিয়ান গেমসে অংশ নেওয়া সিঙ্গাপুরকে শেষ কোয়ার্টারে চাপে ফেলে দারুণ জয় তুলে নেয় বাংলাদেশ।
ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক খেলায় এগিয়ে যায় বাংলাদেশ। অষ্টম মিনিটে রিয়ার শক্তিশালী হিটে প্রথম গোল পায় দল। তবে সেই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। দ্বাদশ মিনিটে চিয়া চেরিল পেনাল্টি কর্নার থেকে গোল করে সমতা ফেরান।
প্রথম তিন কোয়ার্টারে সমতায় থাকার পর শেষ কোয়ার্টারে জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে দুই দলই। নির্ধারিত সময়ের চার মিনিট আগে দারুণ একক প্রচেষ্টায় আবারও এগিয়ে দেন রিয়া। সার্কেলের ভেতরে ঢুকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন তিনি। সিঙ্গাপুর ভিডিও রেফারেল নিলেও গোল বহাল থাকে।
এরপর ৫৮তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন রিয়া। সতীর্থের ক্রসে গোলমুখে নিখুঁত ফ্লিকে বল জালে জড়ান তিনি। শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেনি সিঙ্গাপুর।
শেষ বাঁশি বাজতেই ফাইনালে ওঠার আনন্দে উদযাপনে মেতে ওঠে বাংলাদেশ নারী হকি দল।
এনএনবাংলা/
Tags: Asian Games Hockey QualifiersBangladesh vs Singapore HockeyBangladesh Women's HockeyIrene Riya Hat-trick
এ সম্পর্কিত আরও পড়ুন