Skip to content

দিন শুরু বৃষ্টিতে, ভোগান্তিতে রাজধানীর মানুষ

বুধবার (২৯ এপ্রিল) সকাল থেকেই রাজধানী ঢাকায় টানা বৃষ্টিপাতের কারণে নগরজীবনে ভোগান্তি নেমে এসেছে। বৃষ্টির ফলে ঢাকার বিভিন্ন সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, যার কারণে দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ।

রাজধানীর মালিবাগ, শান্তিনগর, সায়েদাবাদ, শনির আখড়া, পুরান ঢাকা, বংশাল, নাজিমুদ্দিন রোড, ধানমন্ডি, মিরপুর-১৩, হাতিরঝিলের কিছু অংশ, আগারগাঁও থেকে জাহাঙ্গীর গেটমুখী নতুন সড়ক, খামারবাড়ি থেকে ফার্মগেট, ফার্মগেট-তেজগাঁও ট্রাক স্ট্যান্ড সংলগ্ন এলাকা, মোহাম্মদপুরের কিছু অংশ, মেরুল বাড্ডা, ডিআইটি প্রজেক্ট এলাকা, ইসিবি ও কালশীসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তবে কিছু কিছু এলাকায় ধীরে ধীরে পানি নেমে যেতে শুরু করেছে।

সড়কে পানি জমে থাকার কারণে বিভিন্ন স্থানে যানবাহন ধীরগতিতে চলাচল করছে। পাশাপাশি সকাল থেকে বৃষ্টির কারণে রাজধানীর রাস্তায় মানুষের উপস্থিতি তুলনামূলকভাবে কম দেখা গেছে এবং গণপরিবহনের সংখ্যাও ছিল সীমিত।

রাজধানীর মহাখালী এলাকার সিএনজিচালক হাবিবুর রহমান জানান, সকাল থেকেই টানা বৃষ্টি হওয়ায় বাইরে মানুষের উপস্থিতি খুবই কম। তিনি বলেন, বিভিন্ন এলাকায় অল্প পরিমাণে জলাবদ্ধতা লক্ষ্য করেছেন এবং ভোর থেকে এখন পর্যন্ত মাত্র দুটি ট্রিপ পেয়েছেন। তার মতে, খুব প্রয়োজন ছাড়া মানুষ আজ ঘর থেকে বের হয়নি।

গুলশান এলাকার বেসরকারি চাকরিজীবী এহসানুল হক বলেন, বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে ভোগান্তির মধ্য দিয়েই দিনের শুরু হয়েছে। তিনি জানান, ছাতা নিয়ে কষ্ট করে অফিসে পৌঁছাতে হয়েছে এবং যাদের জরুরি কাজ বা অফিস রয়েছে, তারাই মূলত বাইরে বের হয়েছেন। বৃষ্টির কারণে রাস্তায় মানুষের উপস্থিতি খুবই কম ছিল বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মুখপাত্র রাসেল রহমান জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে কাজ করছেন সংশ্লিষ্ট কর্মীরা। তিনি বলেন, টানা বৃষ্টিপাতের ফলে তৈরি হওয়া অস্থায়ী জলাবদ্ধতা দ্রুত নিরসনের জন্য কার্যক্রম চালানো হচ্ছে। একই সঙ্গে পানির স্তর বেড়ে যাওয়ায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কমলাপুর পাম্প স্টেশন চালু করে পানি নিষ্কাশনের কাজ শুরু করা হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, দুপুর ১২টার দিকে বৃষ্টি কিছুটা কমে যেতে পারে। তবে বিকেল বা সন্ধ্যার দিকে আবারও বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সারাদিন আকাশ মেঘলা থাকতে পারে বলেও তিনি জানান।

অন্যদিকে, আজ ঢাকায় বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, দিনের বিভিন্ন সময়ে বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঝোড়ো হাওয়া প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

এনএনবাংলা/পিএইচ