Skip to content

মেকআপের চাপ থেকে বের হতে চান ফারিণ

 

তাসনিয়া ফারিণ নাটক ও ওয়েব সিরিজ পেরিয়ে সিনেমায়ও নিজের অবস্থান তৈরি করেছেন। ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে হয়ে উঠেছেন জনপ্রিয়। সামাজিক মাধ্যমেও বেশ সক্রিয় এই অভিনেত্রী, যেখানে রাজনৈতিক বা সামাজিক ইস্যুর চেয়ে ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়েই বেশি কথা বলতে দেখা যায় তাকে।

সম্প্রতি নিজের সাজসজ্জা ও ব্যক্তিগত পছন্দ নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন ফারিণ। তিনি জানান, ছোটবেলা থেকেই মেকআপের প্রতি তার বিশেষ কোনো আগ্রহ ছিল না। বিশেষ অনুষ্ঠানে মায়ের লিপস্টিক ব্যবহার ছাড়া তার ড্রেসিং টেবিলে থাকত শুধু একটি চিরুনি ও পারফিউম। এমনকি মেকআপ করার প্রয়োজনও কখনো অনুভব করেননি তিনি।

ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করার পরই মেকআপ সম্পর্কে ধারণা পান বলে জানান এই অভিনেত্রী। বিভিন্ন সময় সাধারণ থেকে ড্রামাটিক লুকে নিজেকে উপস্থাপন করলেও, ব্যক্তিগতভাবে তিনি সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন একদম মেকআপ ছাড়া বা হালকা সাজে। বিশেষ করে ভ্রমণ বা বাইরে ঘোরার সময় তিনি ন্যাচারাল লুকই বেশি পছন্দ করেন।

তবে কাজের জায়গায় এসে নিখুঁত দেখানোর চাপ অনুভব করেন বলে জানান ফারিণ। নিজের ভাষায়, নির্দিষ্টভাবে নিজেকে উপস্থাপন করার এক ধরনের অদৃশ্য চাপ কাজ করে। আর এই চাপ থেকেই বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ফারিণ বলেন, এখন থেকে তিনি নিজের আত্মবিশ্বাস ও স্বাচ্ছন্দ্যের জায়গা থেকেই নিজেকে উপস্থাপন করতে চান। নিজের সঙ্গে না মেলে এমন কিছু আর জোর করে করতে চান না বলেও উল্লেখ করেন তিনি। শুধু মেকআপ নয়, জীবনের আরও অনেক ক্ষেত্রেই এই পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

এনএনবাংলা/