রাজনৈতিক ফায়দার জন্য ‘জঙ্গিবাদ’ শব্দটিকে ব্যবহার করা হয়েছিল: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশে বর্তমানে জঙ্গিবাদের কোনো বাস্তব পরিস্থিতি নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, অতীতে একটি নির্দিষ্ট সময়ে রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে ‘জঙ্গিবাদ’ শব্দটি ব্যবহার করা হয়েছিল।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমি এখন আর ‘জঙ্গিবাদ’ শব্দটিকে স্বীকৃতি দিই না। বর্তমানে দেশে এ ধরনের কোনো তৎপরতা নেই। পৃথিবীর বিভিন্ন দেশে কিছু চরমপন্থি বা র্যাডিক্যাল গ্রুপ থাকতে পারে, তবে সেটিকে জঙ্গিবাদ বলা ঠিক নয়।”
তিনি আরও দাবি করেন, অতীতে একটি শাসনামলে রাজনৈতিক উদ্দেশ্যে জঙ্গিবাদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল। তবে বর্তমানে দেশে সেই ধরনের পরিস্থিতির কোনো অস্তিত্ব নেই বলে তিনি উল্লেখ করেন।
কোস্ট গার্ডের কার্যক্রম প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নদীমাতৃক বাংলাদেশের বাস্তবতায় উপকূলীয় এলাকার পাশাপাশি নদীপথেও বাহিনীর কার্যক্রম আরও বিস্তৃত করা হবে। ভবিষ্যতে হাওর অঞ্চলেও কোস্ট গার্ডের কার্যক্রম বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, বর্তমানে প্রায় পাঁচ হাজার সদস্যের কোস্ট গার্ড বাহিনীকে পর্যায়ক্রমে ১০ হাজার সদস্যে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি বাহিনীর জন্য আধুনিক সরঞ্জাম, উন্নত প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা বাড়ানো হবে।
দুর্গম উপকূলীয় ও জলপথ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কোস্ট গার্ডকে আরও শক্তিশালী করা জরুরি উল্লেখ করে তিনি বলেন, প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবেলায় বাহিনীকে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।
আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে সেনাবাহিনীর মোতায়েন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে ধাপে ধাপে সেনাবাহিনীর মোতায়েন প্রত্যাহার করা হচ্ছে। খুব শিগগিরই এ মোতায়েন আরও সীমিত হয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও জানান, জাতীয় দিবস বা গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত তৎপরতা অব্যাহত থাকবে।
দেশের উপকূলীয় ও দুর্গম জলপথ এলাকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
এনএনবাংলা/পিএইচ
