Skip to content

প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

 

আদালতে নেওয়ার পথে সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে বহনকারী একটি পুলিশের প্রিজনভ্যান দুর্ঘটনার কবলে পড়েছে। এ ঘটনায় পলকসহ ভ্যানে থাকা কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে নেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, কারাগার থেকে রওনা হওয়ার কিছু সময় পর ভ্যানটি যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে পলক শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।

আদালত সূত্রে জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ তাকে ট্রাইব্যুনালে হাজির করার কথা ছিল। ওই উদ্দেশ্যে সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে আদালতের পথে নেওয়া হচ্ছিল।

উল্লেখ্য, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ বর্তমানে সাক্ষ্যগ্রহণ চলছে। গত বুধবার থেকেই এই মামলার সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। মামলার অন্যতম আসামি সজীব ওয়াজেদ জয় বর্তমানে পলাতক থাকলেও জুনাইদ আহমেদ পলক গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন।

জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্র-জনতার ওপর দমন-পীড়ন ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলাটি বিচারাধীন রয়েছে। দুর্ঘটনার পর আহতদের কড়া নিরাপত্তার মধ্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

এনএনবাংলা/পিএইচ