ওপেক ছাড়ল আমিরাত, তেলের বাজারে নতুন অনিশ্চয়তা
তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক এবং ওপেক প্লাস থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ইরান যুদ্ধজনিত বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যেই এই সিদ্ধান্তে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে আন্তর্জাতিক তেলবাজারে।
দীর্ঘদিন ধরে উৎপাদন কোটা ও সরবরাহ নিয়ন্ত্রণের মাধ্যমে বৈশ্বিক তেলের বাজারে প্রভাব বিস্তার করে আসছিল এই দুটি জোট। তবে আমিরাতের এই প্রস্থান জোটের ঐক্য দুর্বল করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে অঘোষিত নেতৃত্বে থাকা সৌদি আরবের জন্য এটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
আমিরাতের জ্বালানিবিষয়ক মন্ত্রী সুহাইল মোহাম্মদ আল-মাজরুয়ি রয়টার্সকে জানান, আঞ্চলিক জ্বালানি কৌশল পুনর্মূল্যায়নের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এ বিষয়ে অন্য কোনো দেশের সঙ্গে আলোচনা করা হয়নি।

এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরে ওপেকের সমালোচনা করে আসছিলেন। তার অভিযোগ ছিল, ওপেক তেলের দাম বাড়িয়ে বিশ্ব অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করছে। আমিরাতের এই সিদ্ধান্তকে অনেকেই ট্রাম্পের জন্য কৌশলগত সাফল্য হিসেবে দেখছেন।
বর্তমানে উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি রপ্তানি প্রায় দেড় মাস ধরে বন্ধ রয়েছে। ফলে আমিরাতের মতে, তাদের এই সিদ্ধান্তের তাৎক্ষণিক প্রভাব বাজারে খুব বেশি পড়বে না।
জ্বালানিমন্ত্রী আল-মাজরুয়ি বলেন, “এটি একটি নীতিগত সিদ্ধান্ত। বর্তমান ও ভবিষ্যৎ উৎপাদন নীতির গভীর বিশ্লেষণের পরই আমরা এই পদক্ষেপ নিয়েছি।”
এনএনবাংলা/
