Skip to content

নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে নিহত ১

প্রতীকী ছবি

রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৪২ বছর।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে নিউমার্কেট বটতলা শহিদ শাহনেওয়াজ হল সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাত ৮টার দিকে মোটরসাইকেলে করে আসা দুই দুর্বৃত্ত ওই ব্যক্তিকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন।

পরে আশপাশের লোকজন হামলাকারীদের ধাওয়া দিলে তারা মোটরসাইকেলে পালিয়ে যায়। পালানোর সময় জনসাধারণকে ভয় দেখাতে গুলিও ছোড়ে তারা। দুর্বৃত্তদের উভয়ের মাথায় ক্যাপ ও মুখে মাস্ক ছিল।

আহত ব্যক্তিকে উদ্ধার করে কয়েকজন শিক্ষার্থী দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে একাধিক গুলির চিহ্ন রয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এদিকে নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহাদৎ হোসেন বলেন, গুলির খবর পেয়ে হাসপাতালে এসেছি। তবে ওই ব্যক্তি মারা গেছেন। তার পরিচয় শনাক্তসহ ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

এনএনবাংলা/