পশ্চিমবঙ্গ নির্বাচনে বুথ ফেরত জরিপে জয়ের পথে বিজেপি
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ শেষে বুথ ফেরত জরিপে উঠে এসেছে ভিন্নধর্মী চিত্র। অধিকাংশ জরিপে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-এর সম্ভাব্য জয়ের আভাস মিললেও, কিছু জরিপে এখনো লড়াইয়ে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস।
বুধবার অনুষ্ঠিত দ্বিতীয় দফার ভোটগ্রহণে রেকর্ড ভোটার উপস্থিতি লক্ষ্য করা গেছে। ভোটগ্রহণ শেষ হওয়ার এক ঘণ্টা আগে পর্যন্ত ভোট পড়ে ৮৯.৯৯ শতাংশ, যা প্রথম দফার ৮৯.৯৩ শতাংশ ভোটের রেকর্ডও ছাড়িয়ে গেছে।
ভোট শেষে রাজনৈতিক মহলে এখন সবচেয়ে বড় প্রশ্ন—মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি’র নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস কি তাদের ক্ষমতা ধরে রাখতে পারবে, নাকি প্রথমবারের মতো রাজ্যে সরকার গঠন করবে বিজেপি?
ইতোমধ্যে ছয়টি জরিপ সংস্থা তাদের বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করেছে। এর মধ্যে চারটি সংস্থা বিজেপির জয় সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে।
‘প্রজা পোল’ জরিপে বিজেপি ১৭৮ থেকে ২০৮টি আসন পেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে, যেখানে তৃণমূল পেতে পারে ৮৫ থেকে ১১০টি আসন। ‘পি-মার্ক’ এর সমীক্ষায় বিজেপির আসন সংখ্যা ১৫০-১৭৫ এবং তৃণমূলের ১১৮-১৩৮ বলে উল্লেখ করা হয়েছে।
এছাড়া ‘ম্যাট্রিজ’ ও ‘পোল ডায়েরি’ জরিপেও বিজেপির এগিয়ে থাকার ইঙ্গিত পাওয়া গেছে। এই দুটি সংস্থার মতে, বিজেপি যথাক্রমে ১৪৬-১৬১ এবং ১৪২-১৭১ আসন পেতে পারে। বিপরীতে তৃণমূল পেতে পারে ১২৫-১৪০ ও ৯৯-১২৭ আসন।
অন্যদিকে, দুটি জরিপে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য জয় দেখানো হয়েছে। ‘জনমত পোল’ অনুযায়ী, তৃণমূল ১৯৫-২০৫ আসন পেয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে, যেখানে বিজেপি পেতে পারে ৮০-৯০ আসন।
‘পিপলস পালস’ জরিপে তৃণমূলের আসন সংখ্যা ১৭৭-১৭৮ এবং বিজেপির ৮৫-১১০ বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
‘চাণক্য স্ট্র্যাটেজিস’ জরিপে তুলনামূলক কাছাকাছি লড়াইয়ের আভাস দিয়ে বলা হয়েছে, বিজেপি ১৫০-১৬০ এবং তৃণমূল ১৩০-১৪০ আসন পেতে পারে।
২৯৪ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১৪৮ আসন। বেশিরভাগ বুথ ফেরত জরিপই ইঙ্গিত দিচ্ছে যে, এবার বিজেপি তৃণমূলের শক্ত ঘাঁটিতে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করতে পারে।
তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করিয়ে দিচ্ছেন, বুথ ফেরত জরিপ সবসময় সঠিক নাও হতে পারে। তাই চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে আগামী ৪ মে পর্যন্ত।
সূত্র: এনডিটিভি
এনএনবাংলা/
