Skip to content

চিকিৎসা নিতে যাওয়ার পথে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের

দুর্ঘটনায় নিহতের বাড়িতে চলছে শোকের মাতম। ছবি সংগৃহীত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ জনে। আহত আরও দুইজন চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ায় এই সংখ্যা বৃদ্ধি পায়।

গতকাল মঙ্গলবার (রাত সাড়ে ১১টা) কুড়িগ্রাম–ভূরুঙ্গামারী সড়কের নাগেশ্বরী পৌরসভার বাঁশেরতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বঙ্গসোনার হাট স্থলবন্দর থেকে পাথরবোঝাই একটি ট্রাক কুড়িগ্রামের দিকে যাচ্ছিল। অপরদিকে একটি মাইক্রোবাস রংপুর থেকে ভূরুঙ্গামারীর উদ্দেশ্যে যাত্রা করছিল। পথিমধ্যে বাঁশেরতল এলাকায় দুই গাড়ির মধ্যে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

গুরুতর আহতদের উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে মারা যান আরও একজন। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুরে নেওয়ার পথে একজন এবং হাসপাতালে ভর্তি করার পর মারা যান আরও একজন।

নিহতরা হলেন—ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের উত্তর তিলাই গ্রামের আসাদমোড় এলাকার শামীম হোসেন (৩২), তার মেয়ে মোছা. ছাদিয়া (৮), শামীমের ভাই বাবু মিয়ার স্ত্রী তামান্না, মো. নুরনবী (২৮) এবং মাইক্রোবাস চালক মো. লিমন (২৮)।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাদের জানান, মাইক্রোবাসটিতে একই উপজেলার ১৩ জন যাত্রী ছিলেন। তারা চিকিৎসার জন্য রংপুর যাচ্ছিলেন।

দুর্ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তারা কুড়িগ্রামের স্থানীয় হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এনএনবাংলা/