গাজীপুরের বাঘেরবাজারে অবস্থিত একটি কয়েল উৎপাদন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ইতোমধ্যে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।
বুধবার (১৯ নভেম্বর) দুপুর ১টার দিকে গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার এলাকার স্ট্যান্ডার্ড ফিনিক্স কয়েল কারখানায় হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর প্রথমে কারখানার নিরাপত্তাকর্মীরা তা নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ায় তারা ব্যর্থ হন এবং পরে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যাচ্ছে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের অফিসার লিমা খানম ইত্তেফাক অনলাইনকে জানান, দুপুর ১টার দিকে ফিনিক্স কেমিক্যাল গোডাউনে আগুন লাগার খবর পাওয়া মাত্রই ইউনিটগুলো ঘটনাস্থলে যায়। তিনি বলেন, “এই মুহূর্তে সাতটি ইউনিট কাজ করছে, এছাড়া আরও দুইটি ইউনিট পথে রয়েছে।” তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও তিনি জানান।
সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে, আগুন লাগা ভবনের আশপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এনএনবাংলা/


আরও পড়ুন
২০০৯ সালের পর জন্মগ্রহণকারীদের ধূমপান নিষিদ্ধ, আইন করছে যুক্তরাজ্য
তিন বছরে ৪০০ পোশাক কারখানা বন্ধ, আরও বহু ঝুঁকিতে: বিজিএমইএ
মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ: আইএমএফ