সমুদ্র বন্দরে ৩ নম্বর সংকেত, জেলে-নৌযান গভীর সমুদ্রে না যেতে নির্দেশ
উত্তর বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় বায়ুচাপের ব্যাপক তারতম্যের কারণে সমুদ্র উত্তাল হয়ে ওঠার আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি জেলে ও নৌযানগুলোকে গভীর সমুদ্রে না যাওয়ার নির্দেশনা দিয়ে উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত প্রদর্শনের জন্য বলা হয়েছে। বায়ুমণ্ডলের এই অস্থিরতার ফলে সাগরে ঢেউয়ের উচ্চতা বেড়ে যেতে পারে, যা নৌযান চলাচলকে ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে।
এ অবস্থায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে। একই সঙ্গে জেলে ও ট্রলার মালিকদের গভীর সমুদ্রে যাত্রা থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
এনএনবাংলা/পিএইচ
