চাঁদপুর ও নীলফামারীতে মেডিকেল কলেজ-হাসপাতাল নির্মাণে উদ্যোগ নেওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী
চাঁদপুর ও নীলফামারীতে মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।
বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে মো. হাফিজ ইব্রাহিমের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন হাফিজ উদ্দিন আহমদ।
প্রধানমন্ত্রী বলেন, দেশের ভূমিহীন, গৃহহীন, ছিন্নমূল ও অসহায় মানুষের জন্য টেকসই বাসস্থান নিশ্চিত করা এবং তাদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন সাধনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি উল্লেখ করেন, ২০০১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে ‘আবাসন প্রকল্প’ গ্রহণ করা হয়। এই প্রকল্পের মাধ্যমে সারাদেশে ভূমিহীন, গৃহহীন ও দুর্দশাগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয় এবং ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সময়ে প্রায় ৬৫ হাজার পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়।
তিনি আরও জানান, ভূমি মন্ত্রণালয়ের অধীনে ভূমিহীন, গৃহহীন, ঠিকানাহীন এবং প্রাকৃতিক দুর্যোগ বা নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের জন্য বর্তমানে ‘গুচ্ছগ্রাম-৩ পর্যায়’ প্রকল্প গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ জেলা ও উপজেলা পর্যায়ে স্বল্প ও মধ্যম আয়ের মানুষের জন্য পরিকল্পিত আবাসন সুবিধা সম্প্রসারণ এবং নিম্ন আয়ের মানুষের জন্য সাশ্রয়ী বাসস্থান নির্মাণে বিভিন্ন প্রকল্প গ্রহণ করে যাচ্ছে।
এদিকে সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের টেবিলে উপস্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, বর্তমানে দেশে মোট ৩৭টি সরকারি মেডিকেল কলেজ রয়েছে। এর মধ্যে ২৩টি মেডিকেল কলেজে ৫০০ শয্যা বা তার বেশি ধারণক্ষমতাসম্পন্ন হাসপাতালের কার্যক্রম চালু আছে।
তিনি আরও বলেন, বর্তমানে যশোর, পাবনা, কক্সবাজার, নোয়াখালী, রাঙামাটি, সুনামগঞ্জ, পটুয়াখালি ও জামালপুর—এই ৮টি মেডিকেল কলেজের সঙ্গে ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণ কাজ চলমান রয়েছে। এছাড়া মাগুরা, হবিগঞ্জ, নেত্রকোণা ও নওগাঁ মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণের লক্ষ্যে ডিপিপি প্রণয়নের কার্যক্রম চলছে। পাশাপাশি চাঁদপুর ও নীলফামারীতে নতুন মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
এনএনবাংলা/পিএইচ
