খুলনার সিটি মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, ১২ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

খুলনার বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহশপতিবার (১১ জুন) রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালের ১৭ তলা ভবনের নিচতলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনের সময় ভবনের বিভিন্ন তলায় রোগী ও তাদের স্বজনরা আটকা পড়েন। তাদের নিরাপদে বের করে আনার জন্য উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
খুলনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরিফ উল ইসলাম বলেন, “আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন পর্যন্ত কেউ হতাহত হয়নি।”
উদ্ধার হওয়া হাসপাতালের কর্মীরা জানান, নবম, দশমসহ ওপরের তলার আইসিইউ ও কেবিনে থাকা রোগীরা নিরাপদে আছেন। তবে আগুনের ঘটনায় হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। অনেক ভর্তি রোগীকে সতর্কতামূলকভাবে ভবনের বাইরে সরিয়ে নেওয়া হয়েছে।
এখন পর্যন্ত আগুন লাগার প্রাথমিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ফায়ার সার্ভিস বিষয়টি তদন্ত করছে।
এনএনবাংলা/
