Skip to content

Upcoming
Czechia
0-0
South Africa
Source: ESPN

কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী

কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। ছবি: সংগৃহীত

দেশে কাঁঠাল ব্যবহার করে শিঙাড়া, সমুচা, কাবাবসহ বিভিন্ন ধরনের প্রক্রিয়াজাত খাদ্যপণ্য তৈরি হচ্ছে বলে জানিয়েছেন কৃষি ও মৎস্য এবং প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, কাঁঠালভিত্তিক এসব খাদ্যপণ্যের পুষ্টিগুণ তুলনামূলকভাবে বেশি এবং আন্তর্জাতিক বাজারেও এর চাহিদা দিন দিন বাড়ছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) প্রাঙ্গণে জাতীয় ফল মেলা-২০২৬ উদ্বোধনের পর বিভিন্ন স্টল পরিদর্শন করেন মন্ত্রী। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।

মন্ত্রী বলেন, দেশে বর্তমানে কাঁঠাল দিয়ে শিঙাড়া, সমুচা ও কাবাবসহ নানা ধরনের মূল্য সংযোজিত খাদ্যপণ্য উৎপাদন করা হচ্ছে। এসব পণ্যের পুষ্টিমান অনেক বেশি। তার ভাষায়, এসব পণ্যের ‘ফুড ভ্যালু হাই’।

তিনি আরও জানান, কাঁঠালভিত্তিক পণ্য উৎপাদন এবং সংশ্লিষ্ট প্রযুক্তি বিষয়ে বিশ্বের কয়েকটি দেশ ইতোমধ্যে বাংলাদেশের কাছে তথ্য ও সহযোগিতা চেয়েছে। কাঁঠাল দিয়ে নতুন ধরনের খাদ্যপণ্য তৈরিতে তারা আগ্রহ প্রকাশ করেছে।

মন্ত্রী বলেন, দেশের ক্ষুদ্র উদ্যোক্তারা এখন ফল প্রক্রিয়াজাতকরণ ও মূল্য সংযোজন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। এর ফলে কৃষিভিত্তিক অর্থনীতি আরও শক্তিশালী হচ্ছে।

রপ্তানির বিষয়ে তিনি জানান, বাংলাদেশ থেকে ইতোমধ্যে আম, আনারস ও কাঁঠাল রপ্তানি শুরু হয়েছে। চলতি বছরে কাঁঠাল রপ্তানির পরিমাণ আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি চীনের সঙ্গে এ বিষয়ে একটি চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও উল্লেখ করেন।

তিনি বলেন, ভবিষ্যতে বাংলাদেশ ফল রপ্তানির ক্ষেত্রে আরও শক্তিশালী অবস্থান অর্জন করবে বলে সরকার আশাবাদী।

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কৃষিখাতে বরাদ্দ কমেছে—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কৃষিখাতে বরাদ্দ কমেনি; বরং আগের অর্থবছরের তুলনায় ১০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। তার দাবি, প্রণোদনা ও উন্নয়ন বাজেটসহ কৃষিখাতে মোট বরাদ্দ আগের চেয়ে আরও বেড়েছে।

এনএনবাংলা/পিএইচ