Skip to content

Upcoming
Czechia
0-0
South Africa
Source: ESPN

অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান

দীর্ঘ অপেক্ষা ও নানা নাটকীয়তার পর যুদ্ধের স্থায়ী অবসান এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র ও ইরান।

স্থায়ী শান্তিচুক্তির পথে গুরুত্বপূর্ণ এই সমঝোতা স্মারকে ইলেকট্রনিকভাবে স্বাক্ষর করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

উভয় পক্ষের দাবি, চুক্তিটি ইতোমধ্যে কার্যকর হয়েছে। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, এই শান্তিচুক্তির আওতায় ইরান পারমাণবিক অস্ত্র তৈরি বা ক্রয় করবে না, সব ধরনের সামরিক সংঘাত বন্ধ করবে এবং হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা হবে।

ফ্রান্সের প্যারিসের অদূরে অবস্থিত ঐতিহাসিক ভার্সাই প্রাসাদে জি–৭ শীর্ষ সম্মেলন-পরবর্তী এক নৈশভোজের সময় সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তার পাশে ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং ফার্স্ট লেডি ব্রিজিট ম্যাক্রোঁ।

পরে প্রাসাদ ত্যাগের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “এটা সই হয়েছে। ভার্সাইতেই আমি এতে সই করেছি।”

মঝোতা স্মারকে ইলেকট্রনিকভাবে সই করার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ভিডিও থেকে নেওয়া

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ট্রাম্পের স্বাক্ষরের একটি ভিডিও প্রকাশ করেন। পোস্টে তিনি লেখেন, “আজ রাতে ভার্সাইয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চুক্তিতে সই করেছেন।”

অন্যদিকে, ইরানের পক্ষ থেকেও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সমঝোতা স্মারকে স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ইরনাকে জানান, সমঝোতা স্মারকটি ইলেকট্রনিকভাবে স্বাক্ষরিত হয়েছে এবং এ নিয়ে ইরানের কোনো আনুষ্ঠানিক আয়োজনের পরিকল্পনা নেই।

তিনি আরও বলেন, এই সমঝোতা স্মারকে স্বাক্ষরের মাধ্যমে ইসলামাবাদ সমঝোতা স্মারকের খসড়া চূড়ান্ত হয়েছে। এখন চুক্তির বাস্তবায়নের সময় এসেছে।

সূত্র: বিবিসি ও আল-জাজিরা

এনএনবাংলা/পিএইচ