




বিশ্বকাপে লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলে অনুষ্ঠিতব্য নিজেদের ম্যাচকে ঘিরে ইরান ফুটবল দলের ওপর আরোপিত কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করছে না টুর্নামেন্টের অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্র। বিষয়টি নিয়ে ইরান ফুটবল ফেডারেশন ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানানোর কথা বললেও, স্বাগতিক দেশের শীর্ষ টুর্নামেন্ট কর্মকর্তারা তাদের অবস্থানে অনড় রয়েছেন।
রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে টুর্নামেন্টের জন্য গঠিত হোয়াইট হাউস টাস্ক ফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি বলেন, ইরান দলের ভ্রমণ ব্যবস্থার বিষয়টি পর্যবেক্ষণে রাখা হলেও আপাতত পূর্বনির্ধারিত পরিকল্পনাই বহাল থাকবে।
বর্তমান মার্কিন নিয়ম অনুযায়ী, ইরানি দল ম্যাচ শুরুর মাত্র ২৪ ঘণ্টা আগে ভেন্যুতে প্রবেশ করতে পারবে। ম্যাচ শেষ হওয়ার পরপরই তাদের সরাসরি মেক্সিকোর টিজুয়ানায় অবস্থিত বেস ক্যাম্পে ফিরে যেতে হবে। এই নিয়মের তীব্র সমালোচনা করেছেন ইরানের প্রধান কোচ আমির ঘালিনোই। তার দাবি, বর্তমান বিশ্বকাপে তারাই ‘সবচেয়ে নিপীড়িত দল’।
গত সপ্তাহে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ শেষে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ইরানি প্রতিনিধিদলকে যুক্তরাষ্ট্র ছাড়তে হয়। গ্রুপ ‘জি’-এর ম্যাচটি স্থানীয় সময় রাত ৮টায় শেষ হলেও খেলোয়াড়দের হোটেলে এক রাত বিশ্রামের সুযোগ না দিয়েই মেক্সিকোর বেস ক্যাম্পে ফেরত পাঠানো হয়। এ নিয়ে যুক্তরাষ্ট্রের ভিসা ও ভ্রমণ ব্যবস্থাপনার সমালোচনা শুরু হয়।
কোচ ঘালিনোই বলেন, প্রথম ম্যাচের পর খেলোয়াড়দের স্বাভাবিক শারীরিক পুনরুদ্ধারের (রিকভারি) জন্য অন্তত এক রাত ক্যালিফোর্নিয়ায় থাকার সুযোগ পাওয়া উচিত ছিল।
এদিকে নতুন করে বিতর্কের জন্ম দেয় ইরানের উইঙ্গার মেহেদি তোরাবির ভিসা জটিলতা। প্রথম ম্যাচের পর তার এন্ট্রি ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। তবে গত মঙ্গলবার দলীয় কর্মকর্তারা নিশ্চিত করেন, তোরাবির জন্য নতুন একটি মাল্টিপল-এন্ট্রি ভিসা সংগ্রহ করা হয়েছে। ফলে তিনি বাকি ম্যাচগুলো খেলতে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরও এক বিবৃতিতে জানিয়েছে, ‘এই সমস্যার সমাধান করা হয়েছে।’
রোববার (২১ জুন) বেলজিয়ামের বিপক্ষে ইরানের দ্বিতীয় ম্যাচেও একই ভ্রমণ প্রোটোকল কার্যকর থাকবে। এ ম্যাচকে সামনে রেখে শনিবার (২০ জুন) ম্যাচ শুরুর প্রায় ২৪ ঘণ্টা আগে লস অ্যাঞ্জেলেসে পৌঁছেছে ইরানি দল।
তবে পরিস্থিতি পরিবর্তনশীল বলে ইঙ্গিত দিয়েছেন অ্যান্ড্রু জুলিয়ানি। তিনি জানান, আগামী শুক্রবার (২৬ জুন) সিয়াটলে মিশরের বিপক্ষে ইরানের তৃতীয় ম্যাচের নিরাপত্তা ও ভ্রমণ ব্যবস্থা দ্বিতীয় ম্যাচের অভিজ্ঞতা বিবেচনা করেই নির্ধারণ করা হবে।
জুলিয়ানি বলেন, ‘পরিস্থিতি প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। বর্তমানে আমাদের একটি পরিকল্পনা রয়েছে। বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার পর তারা ২৭ মিনিটের ফ্লাইটে টিজুয়ানায় ফিরে যাবে। দ্বিতীয় ম্যাচটি কেমন যায়, সেটি পর্যবেক্ষণের পর সিয়াটলের ম্যাচ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ইরানের বেস ক্যাম্প টুসন থেকে টিজুয়ানায় স্থানান্তর করায় তাদের ভ্রমণ সময় আগের তুলনায় কমেছে। পাশাপাশি লস অ্যাঞ্জেলেসে প্রথম ম্যাচের সার্বিক ব্যবস্থাপনায়ও তারা সন্তুষ্ট বলে দাবি করেন।
কর্মকর্তাদের ভিসা না পাওয়ার প্রসঙ্গে জুলিয়ানি বলেন, ‘সব খেলোয়াড় ও কোচ ভিসা পেয়েছেন। তবে কয়েকজন কর্মকর্তার বিষয়ে আপত্তিকর তথ্য পাওয়ায় তাদের ভিসা দেওয়া হয়নি। নিরাপত্তা ও আতিথেয়তার মধ্যে ভারসাম্য বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
সূত্র: আলজাজিরা
এনএনবাংলা/পিএইচ
Tags: ২০২৬ ফিফা বিশ্বকাপইরানবেলজিয়াম
এ সম্পর্কিত আরও পড়ুন