



কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী (২৩ জুন) উপলক্ষে সম্ভাব্য নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে দেশের ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার (২২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অনুবিভাগের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ ও চট্টগ্রাম জেলায় ২২ থেকে ৩০ জুন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েন থাকবে। এ-সংক্রান্ত আদেশ সোমবারের মধ্যেই জারি করা হবে বলেও তিনি জানান।
এর আগে, ২০২৪ সালের ৫ আগস্টের পর সারা দেশে মোতায়েন থাকা সেনাবাহিনী চলতি বছরের ৬ এপ্রিল থেকে পর্যায়ক্রমে প্রত্যাহার শুরু করে সরকার।
পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট ছয় জেলার জেলা প্রশাসকদের কাছে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মোতায়েনের নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠন দেশের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে—এমন আশঙ্কা রয়েছে। এতে বিভিন্ন জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার পাশাপাশি জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনাও রয়েছে।
এ পরিস্থিতিতে ঢাকা মেট্রোপলিটন এলাকা, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা, গাজীপুর মেট্রোপলিটন এলাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের জানমালের সুরক্ষার লক্ষ্যে ২২ থেকে ৩০ জুন পর্যন্ত ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মোতায়েনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
এনএনবাংলা/পিএইচ
Tags: আওয়ামী লীগসেনাবাহিনীসেনাবাহিনী মোতায়েন
এ সম্পর্কিত আরও পড়ুন