



রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় চলন্ত মোটরসাইকেল চালকের মাথায় ইট নিক্ষেপের ঘটনায় গুরুতর আহত সাজিদ চৌধুরী রাফি মারা গেছেন। সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
কাফরুল থানার ওসি সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় রাফির মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় আগে হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছিল। ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাফির মৃত্যুর পর মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তর করা হবে।
ঘটনাটি ঘটে গত ৯ জুন রাত সাড়ে ১২টার দিকে। মোটরসাইকেলে করে নিজ বাসায় ফেরার পথে কাফরুল থানার পূর্ব শেওড়াপাড়ার আশরাফ আলী গলিতে রাফিকে লক্ষ্য করে একটি ইট ছুড়ে মারা হয়। এতে তিনি গুরুতর আহত হন।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, চলন্ত মোটরসাইকেলে থাকা রাফিকে লক্ষ্য করে এক তরুণ ইট নিক্ষেপ করেন। ইটের আঘাতে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে অচেতন হয়ে যান। এ সময় মোটরসাইকেলটি তাঁর শরীরের ওপর পড়ে থাকে।
ভিডিওতে আরও দেখা যায়, ইট নিক্ষেপকারী তরুণই পরে আহত রাফিকে মোটরসাইকেলের নিচ থেকে বের করার চেষ্টা করেন। কিছুক্ষণ পর আরও একজন সেখানে এসে মোটরসাইকেলটি সরিয়ে দেন। পরে স্থানীয়দের সহায়তায় রাফিকে একটি অটোরিকশায় করে হাসপাতালে নেওয়া হয়।
এনএনবাংলা/পিএইচ
Tags: মোটরসাইকেলযুবকের মৃত্যুরাজধানী
এ সম্পর্কিত আরও পড়ুন