Skip to content

Upcoming
Argentina
0-0
Austria
Source: ESPN

উরুগুয়ের বিপক্ষে স্মরণীয় ড্র কেপ ভার্দের

ছবি: রয়টার্স

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে কেপ ভার্দে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে টুর্নামেন্টে এটি তাদের দ্বিতীয় স্মরণীয় ফল। এর আগে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে চমক দেখিয়েছিল দলটি।

মায়ামি স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘এইচ’ গ্রুপের ম্যাচটি ২-২ গোলে সমতায় শেষ হয়। ফলে দুই দলই নিজেদের প্রথম দুই ম্যাচ শেষে ২ পয়েন্ট করে সংগ্রহ করেছে।

ম্যাচের ২১ মিনিটে প্রায় ৩০ গজ দূর থেকে দুর্দান্ত এক ফ্রি-কিকে উরুগুয়ের জালে বল জড়ান কেপ ভার্দের কেভিন পিনা। বিশ্বকাপে এটিই ছিল কেপ ভার্দের ইতিহাসের প্রথম গোল। নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা দলটি সেই গোলেই ম্যাচে এগিয়েও যায়।

বিশ্বকাপে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে জনসংখ্যার হিসেবে কেপ ভার্দে তৃতীয় ক্ষুদ্রতম দেশ। অভিষেক আসরেই দ্বিতীয় ম্যাচে প্রথম গোলের দেখা পাওয়ার পাশাপাশি এগিয়ে গিয়ে আরও একটি ইতিহাস গড়ে তারা।

তবে প্রথমার্ধের শেষ দিকে ম্যাচে ঘুরে দাঁড়ায় উরুগুয়ে। ৪৪তম মিনিটে বক্সে ভেসে আসা বলে দুই দলের খেলোয়াড়ই হেড করার চেষ্টা করলেও কেউ ঠিকমতো সংযোগ করতে পারেননি। বল পোস্টে লেগে ফিরে এলে ফিরতি বলে জাল খুঁজে নেন উরুগুয়ের মিডফিল্ডার মাক্সিমিলিয়ানো আরাউহো।

প্রথমার্ধের যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে সতীর্থের হেড থেকে পাওয়া বল পায়ের হালকা টোকায় জালে পাঠান আগুস্তিন কানোবিও। তাতেই বিরতিতে ২-১ ব্যবধানে এগিয়ে যায় উরুগুয়ে।

দ্বিতীয়ার্ধে হাল ছাড়েনি কেপ ভার্দে। ৬১তম মিনিটে সমতায় ফেরান হেলিও ভারেলা। জাতীয় দলের জার্সিতে এটি ছিল তার প্রথম গোল।

উরুগুয়ের ডিফেন্ডার মাতিয়াস অলিভেরা ও গোলরক্ষক ফার্নান্দো মুসলেরার ভয়াবহ ভুল বোঝাবুঝির সুযোগ কাজে লাগান ভারেলা। বল ক্লিয়ার করতে গিয়ে অলিভেরা ঠিকমতো সংযোগ করতে ব্যর্থ হন, আর মুসলেরা তখন নিজের অবস্থান ছেড়ে অনেকটা সামনে এগিয়ে ছিলেন। সেই সুযোগে বলের নিয়ন্ত্রণ নিয়ে দূরপাল্লার নিখুঁত শটে জালে বল পাঠিয়ে দলকে মূল্যবান এক পয়েন্ট এনে দেন ভারেলা।

স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর উরুগুয়ের বিপক্ষেও ২-২ সমতা—বিশ্বকাপে অভিষেক আসরেই ধারাবাহিক চমক দেখিয়ে নিজেদের সামর্থ্যের জানান দিল কেপ ভার্দে।

এনএনবাংলা/পিএইচ