Skip to content

Upcoming
Argentina
0-0
Austria
Source: ESPN

আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া, গ্রুপ সেরার যুদ্ধ আজ

বিশ্বকাপের গ্রুপ ‘জে’-তে এখনো সব সমীকরণ পুরোপুরি স্পষ্ট না হলেও প্রথম ম্যাচ শেষে সুবিধাজনক অবস্থানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। উদ্বোধনী ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে গোল ব্যবধানের সুবিধায় গ্রুপের শীর্ষে রয়েছে লিওনেল স্কালোনির দল।

একই সংখ্যক পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে অস্ট্রিয়া। তবে তাদের গোল ব্যবধান +২, যেখানে আর্জেন্টিনার +৩। এই সামান্য ব্যবধানই আজকের মুখোমুখি লড়াইটিকে গ্রুপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে পরিণত করেছে। রাত ১১টায় মাঠে নামবে দুই দল। এই ম্যাচ শুধু তিন পয়েন্টের লড়াই নয়, বরং গ্রুপের শীর্ষস্থান দখলেরও লড়াই। জয় পেলে নকআউট পর্বের পথে অনেকটাই এগিয়ে যাবে আর্জেন্টিনা।

সমীকরণ বলছে, অস্ট্রিয়াকে হারাতে পারলে আর্জেন্টিনার পয়েন্ট হবে ছয়। একই সঙ্গে গ্রুপের অন্য ম্যাচে আলজেরিয়া ও জর্ডান ড্র করলে, এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব নিশ্চিত করবে স্কালোনির শিষ্যরা।

অবশ্য ম্যাচটি ড্র হলেও খুব একটা চাপে পড়বে না আর্জেন্টিনা। সেক্ষেত্রে দুই ম্যাচ শেষে তাদের সংগ্রহ হবে চার পয়েন্ট এবং শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে নিজেদের ভাগ্য নিজেদের হাতেই থাকবে। এমনকি সেই ম্যাচে ড্র করেও পাঁচ পয়েন্ট নিয়ে পরের পর্বে ওঠার সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল থাকবে।

তবে অস্ট্রিয়ার কাছে হেরে গেলে পরিস্থিতি জটিল হয়ে যাবে। তখন দুই ম্যাচ শেষে আর্জেন্টিনার পয়েন্ট থাকবে তিন। শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে জয় ছাড়া আর কোনো বিকল্প থাকবে না। পাশাপাশি নজর রাখতে হবে গ্রুপের অন্য ম্যাচের ফলাফলের দিকেও। সে ক্ষেত্রে সেরা তৃতীয় দল হিসেবেও সুযোগ তৈরি হতে পারে, যদিও সেটি নির্ভর করবে গোল ব্যবধান ও অন্যান্য সমীকরণের ওপর।

টাইব্রেকারেও রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপ। প্রথমে বিবেচনায় আসবে মুখোমুখি ম্যাচের ফল। এরপর দেখা হবে গোল ব্যবধান, গোলসংখ্যা, সামগ্রিক পারফরম্যান্স, ফেয়ার প্লে রেকর্ড এবং সবশেষে ফিফা র‍্যাঙ্কিং। ফলে প্রতিটি গোলই শেষ পর্যন্ত বড় পার্থক্য গড়ে দিতে পারে।

সব মিলিয়ে, আর্জেন্টিনার জন্য আজকের ম্যাচটি শুধুই আরেকটি গ্রুপ পর্বের লড়াই নয়। এটি হতে পারে নকআউট নিশ্চিত করার মঞ্চ, আবার হার বা ড্র হলে শেষ ম্যাচের আগে বাড়তে পারে উত্তেজনা ও সমীকরণের জটিলতা।

এনএনবাংলা/পিএইচ