




শুরুর দিকে পেনাল্টি মিস করে রেকর্ড গড়ার সুযোগ হাতছাড়া করেছিলেন। তবে শেষ পর্যন্ত অপেক্ষার অবসান ঘটিয়ে ইতিহাস নিজের করে নিলেন লিওনেল মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে জোড়া গোল করে আর্জেন্টিনাকে ২-০ ব্যবধানে জয় এনে দেওয়ার পাশাপাশি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে এককভাবে নাম লিখিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। টানা দ্বিতীয় জয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা নিশ্চিত করেছে শেষ ৩২-এ জায়গাও।
ম্যাচের নবম মিনিটেই ইতিহাস গড়ার সুবর্ণ সুযোগ পেয়েছিলেন মেসি। পেনাল্টি থেকে গোল করতে পারলেই বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নিতেন তিনি। কিন্তু লক্ষ্যভ্রষ্ট শটে সেই সুযোগ হাতছাড়া হয়। তবে মনে হচ্ছিল, ভাগ্য যেন আরও স্মরণীয় এক মুহূর্তের জন্য অপেক্ষা করছিল।
১৯ মিনিটে আবারও গোলের খুব কাছাকাছি পৌঁছে যান আর্জেন্টাইন অধিনায়ক। লাউতারো মার্তিনেজের বাড়ানো বল থেকে নেওয়া তার শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন অস্ট্রিয়ার গোলরক্ষক আলেক্সান্ডার শ্লাগার।
অবশেষে ৩৮ মিনিটে আসে সেই প্রতীক্ষিত মুহূর্ত। আক্রমণের সূচনা করেন থিয়াগো আলমাদা। বাম প্রান্তে বল পেয়ে ফাকুন্দো মেদিনা নিচু ক্রসে বল বাড়িয়ে দেন বক্সের ভেতরে থাকা মেসির কাছে। প্রথম ছোঁয়াতেই নিখুঁত শটে জালে বল জড়িয়ে দেন তিনি।
এই গোলেই বিশ্বকাপ ইতিহাসে নতুন রেকর্ড গড়েন মেসি। জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসেকে পেছনে ফেলে টুর্নামেন্টটির একক সর্বোচ্চ গোলদাতার আসনে উঠে যান তিনি।
বিরতির পরও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। মেসি, রদ্রিগো ডি পল ও লাউতারো মার্তিনেজের সমন্বিত আক্রমণে বারবার চাপে পড়ে অস্ট্রিয়ার রক্ষণভাগ। ৫০ মিনিটে আরেকটি ভালো সুযোগ পেয়েছিলেন মেসি, তবে শেষ মুহূর্তে নিকোলাস সাইভাল্ড বাধা হয়ে দাঁড়ান। যদিও পরে অফসাইডের পতাকা ওঠে।
এর চার মিনিট পর ম্যাচে নিজেদের অন্যতম সেরা সুযোগ তৈরি করে অস্ট্রিয়া। ফ্রি-কিক থেকে মার্সেল সাবিৎসারের শক্তিশালী শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।
এরপর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ইতিহাসের রাতটিকে আরও উজ্জ্বল করে তোলেন মেসি। মাঝমাঠ থেকে আক্রমণের সূচনা করে নিখুঁত পাসে বল বাড়িয়ে দেন হুলিয়ান আলভারেজের কাছে। আলভারেজের প্রথম শটটি ঠেকিয়ে দেন শ্লাগার। ফিরতি বলে মেসির প্রথম প্রচেষ্টা ডিফেন্ডারের গায়ে লাগলেও দ্বিতীয় চেষ্টায় আর ভুল করেননি তিনি। দুর্দান্ত শটে বল জালে পাঠিয়ে নিজের জোড়া গোল পূর্ণ করেন আর্জেন্টাইন অধিনায়ক এবং নিশ্চিত করেন দলের ২-০ ব্যবধানের জয়।
এই জোড়া গোলের সুবাদে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১৮-তে উন্নীত করেছেন মেসি। এর আগে আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন তিনি।
দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা নিশ্চিত করেছে নকআউট পর্বের টিকিট। এর আগে মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও জার্মানিও শেষ ৩২-এ জায়গা নিশ্চিত করেছে।
গ্রুপ ‘জে’-এর শীর্ষে থাকা আর্জেন্টিনা পরের ম্যাচে জর্ডান যদি আলজেরিয়াকে হারাতে না পারে, তবে এক ম্যাচ হাতে রেখেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নেবে লিওনেল স্ক্যালোনির দল।
এনএনবাংলা/পিএইচ
Tags: ২০২৬ ফুটবল বিশ্বকাপআর্জেন্টিনামেসি
এ সম্পর্কিত আরও পড়ুন