




রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি বিক্ষোভ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে নেতাকর্মীদের বাকবিতণ্ডার জেরে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দৈনিক সকালের প্রতিবেদক মাহফুজুর রহমান শিশিরকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল সাড়ে ৮টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে আওয়ামী লীগবিরোধী একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে জামায়াত নেতা মুস্তাফিজুর রহমান, মুজাহিদুল ইসলাম শাহিন, আনিসুজ্জামান, জাহিনুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিক্ষোভ মিছিল শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার জন্য জামায়াতের এক জ্যেষ্ঠ নেতাকে সামনে আনা হয়। এ সময় কয়েকজন নেতাকর্মী উপস্থিত সাংবাদিকদের আওয়ামী লীগের দোসর বলে মন্তব্য করলে সাংবাদিকরা এর প্রতিবাদ জানান। এতে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটির সৃষ্টি হয়।
একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জামায়াতের কয়েকজন নেতাকর্মী সাংবাদিকদের ওপর চড়াও হন বলে অভিযোগ ওঠে। হামলায় আহত হন দৈনিক সকালের প্রতিবেদক মাহফুজুর রহমান শিশির।
ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের দাবি, হামলার সময় শিশিরের মুখে আঘাত লাগে এবং তার মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে বাংলাদেশ মেডিকেল হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, “ধানমন্ডি ৩২ নম্বরে কোনো সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে আমার জানা নেই।”
তবে তিনি জানান, ধানমন্ডি এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সেখানে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এনএনবাংলা/পিএইচ
Tags: জামায়াতকর্মীধানমন্ডি ৩২সাংবাদিককে মারধর
এ সম্পর্কিত আরও পড়ুন