




ভারত জানিয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়টি সম্পূর্ণ একটি আইনি প্রক্রিয়া এবং এ বিষয়ে তাদের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।
মঙ্গলবার (১৪ জুলাই) সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘এ বিষয়ে আমাদের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। যেকোনো প্রত্যর্পণের বিষয় আইনি প্রক্রিয়ার আওতায় পড়ে এবং সেটি সেই অনুযায়ী বিবেচনা করা হবে।’
সম্প্রতি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা দাবি করেন, তিনি এবং আওয়ামী লীগের অন্যান্য নেতারা আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরে আসার পরিকল্পনা করছেন। গত বছরের আগস্টে ছাত্র-জনতার ব্যাপক আন্দোলনের মুখে তিনি ভারত চলে যান। এরপর থেকেই তিনি সেখানে অবস্থান করছেন।
এদিকে, মানবতাবিরোধী অপরাধ ও হত্যা মামলাসহ বিভিন্ন মামলায় বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশ সরকার ইতোমধ্যে একাধিকবার ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে।
সংবাদ ব্রিফিংয়ে বাংলাদেশে ভারতের উন্নয়ন প্রকল্প নিয়েও প্রশ্ন করা হয়। সম্প্রতি কিছু গণমাধ্যমে এসব প্রকল্প বন্ধ হয়ে যেতে পারে বলে খবর প্রকাশিত হয়। এর জবাবে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশে ভারতের চলমান উন্নয়ন প্রকল্পগুলো দুই দেশের পারস্পরিক আলোচনার ভিত্তিতে গ্রহণ করা হয়েছে এবং সেগুলো আগের মতোই চলমান থাকবে।
উল্লেখ্য, বর্তমানে বাস্তবায়নাধীন এসব উন্নয়ন প্রকল্পের সিদ্ধান্ত শেখ হাসিনা সরকারের আমলে, অর্থাৎ ২০২৪ সালের আগস্টের আগেই নেওয়া হয়েছিল।
এনএনবাংলা/
Tags: ভারতশেখ হাসিনা
এ সম্পর্কিত আরও পড়ুন