



ব্যক্তিগত মন্তব্যকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া বিতর্কের জন্য জাতীয় সংসদে দুঃখপ্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, সাম্প্রতিক বৈরী আবহাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে পদার্থবিজ্ঞান পরীক্ষাটি পুনরায় নেওয়া হবে।
মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিলের ওপর জনমত যাচাই পর্বে সংসদ সদস্যদের বক্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমার ব্যক্তিগত একটি মন্তব্য নিয়ে অনেকেই আপত্তি জানিয়েছেন। আমি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে কিছু বলিনি। তারপরও যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমি আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি।’
পরীক্ষা প্রসঙ্গে মন্ত্রী বলেন, সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ পরীক্ষা পেছানোর দাবিতে শিক্ষার্থীদের সংসদের দিকে আসার বিষয়টি উত্থাপন করেছেন। বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করেছে।
তিনি জানান, সোমবার অনুষ্ঠিত পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষার সময় বৃষ্টির কারণে অনেক পরীক্ষার্থী ভিজে পরীক্ষায় অংশ নিয়েছে। এ কারণে অনেকেই সঠিকভাবে পরীক্ষা দিতে পারেনি—এমন অভিযোগ সরকারের কাছে এসেছে। যদিও পরীক্ষা চলাকালে পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে ছিল, তবুও শিক্ষার্থীদের দাবি বিবেচনায় নেওয়া হয়েছে।
এহছানুল হক মিলন আরও বলেন, বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সব জেলার পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং সেগুলো পুনরায় নিতে হবে। সেই পরীক্ষার সময়সূচির সঙ্গে সমন্বয় করে পদার্থবিজ্ঞান পরীক্ষাটিও পুনরায় নেওয়ার ব্যবস্থা করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এনএনবাংলা/
Tags: আ ন ম এহছানুল হক মিলনদুঃখপ্রকাশশিক্ষামন্ত্রী
এ সম্পর্কিত আরও পড়ুন