সাম্প্রতিক
Skip to content

যাদের ফার্মের মুরগি বলছেন, তাদের কারণেই আজ আপনি শিক্ষামন্ত্রী: হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, যেসব শিক্ষার্থীকে শিক্ষামন্ত্রী ‘ফার্মের মুরগি’ বলে মন্তব্য করছেন, তারাই আন্দোলনের মাধ্যমে দেশে নতুন রাজনৈতিক বাস্তবতা সৃষ্টি করেছে। তাদের কারণেই বর্তমান সরকারে তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করছেন বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আয়োজিত জুলাই পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ।

তিনি বলেন, শিক্ষামন্ত্রী বিভিন্ন সময় নকলবিরোধী বক্তব্য দিলেও ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে সরকারের সিদ্ধান্ত শিক্ষার্থীদের চরম ভোগান্তির মুখে ফেলেছে। হাঁটু থেকে বুকসমান পানির মধ্যে দিয়েও অনেক পরীক্ষার্থীকে কেন্দ্রে যেতে হয়েছে। এছাড়া পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে ভুল থাকায় শিক্ষার্থীরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেন তিনি।

হাসনাত আবদুল্লাহর ভাষ্য, প্রশ্নপত্রে ভুল থাকার পরও সরকার কোনো দুঃখ প্রকাশ করেনি। বরং আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়েই বিভিন্ন ধরনের মন্তব্য করা হয়েছে।

শিক্ষামন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনি যাদের ফার্মের মুরগি বলছেন, সেই শিক্ষার্থীরাই রাস্তায় নেমে আন্দোলন করেছে বলেই আজ আপনি শিক্ষামন্ত্রীর দায়িত্বে আছেন। দেশের শিক্ষার্থীদের পরীক্ষাগারের গিনিপিগ বানাবেন না। আপনাদের সন্তানরা বিদেশে পড়াশোনা করে, আর দেশের শিক্ষার্থীদের নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে।’

সংবিধান সংশোধন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যেরও সমালোচনা করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে সংবিধান সংস্কার পরিষদের সাংবিধানিক ভিত্তি নেই বলে দাবি করেছেন। তবে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় অনেক ঘটনাই প্রচলিত সংবিধানের বাইরেও ঘটেছে বলে মন্তব্য করেন তিনি।

বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে হাসনাত আবদুল্লাহ বলেন, খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, সাতকানিয়া, আনোয়ারা ও বাঁশখালীসহ বিভিন্ন এলাকায় মানুষ দীর্ঘদিন ধরে বন্যার দুর্ভোগে রয়েছে। কিন্তু এখনো অনেক ক্ষতিগ্রস্ত এলাকায় পর্যাপ্ত সরকারি সহায়তা পৌঁছায়নি বলে অভিযোগ করেন তিনি।

সোনারগাঁয়ের স্থানীয় রাজনীতি নিয়েও বক্তব্য দেন তিনি। এ সময় স্থানীয় সংসদ সদস্যের ছেলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে বলেন, ওই ঘটনায় তাকে থানায় মুচলেকাও দিতে হয়েছে।

এ ছাড়া গ্যাস সংযোগে অনিয়ম, ভূমি দখল এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ তুলে তিনি চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন। রাজনৈতিক পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা আদায়ের সংস্কৃতি বন্ধ করার আহ্বান জানান তিনি।

পথসভায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান পদে তুহিন মাহমুদ, সোনারগাঁ পৌরসভার মেয়র পদে মোস্তফা এবং পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে শাকিল সাইফুল্লাহর প্রতি এনসিপির সমর্থনের ঘোষণাও দেন হাসনাত আবদুল্লাহ।

এনএনবাংলা/