




চট্টগ্রামের চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে হঠাৎ অস্থায়ী মঞ্চ ভেঙে পড়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদসহ মঞ্চে উপস্থিত নেতা-কর্মীরা নিচে পড়ে যান।
শুক্রবার (১৭ জুলাই) বেলা ১১টার দিকে দোহাজারী পৌরসভার সামনে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ উপলক্ষে নির্মিত অস্থায়ী মঞ্চে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মন্ত্রী ত্রাণ বিতরণকালে হঠাৎ মঞ্চটি ভেঙে পড়ে। এতে মন্ত্রী, সংসদ সদস্যসহ মঞ্চে অবস্থানরত সবাই নিচে পড়ে যান। তবে তারা গুরুতর আহত হননি। ঘটনার পর পরই মন্ত্রী অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
আহতদের মধ্যে রয়েছেন দোহাজারী বার্মা কলোনি এলাকার রাশেদা আক্তার (৬০), খাগরিয়া এলাকার আয়ুব আলী, গুচ্ছগ্রামের ঊর্মি আক্তার এবং দোহাজারী উল্লাপাড়া এলাকার আয়েশা আক্তার। এছাড়া আরও কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান বলেন, ‘ত্রাণ বিতরণের সময় মঞ্চটি ভেঙে মন্ত্রীসহ উপস্থিত সবাই নিচে পড়ে যান। তবে এতে কেউ তেমন আহত হননি। মন্ত্রী চলে যাওয়ার পর ত্রাণ নিতে গিয়ে হুড়োহুড়িতে কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়ে আমি অবগত নই। কারণ, তখন আমি ঘটনাস্থল থেকে চলে এসেছিলাম।’
এদিকে, মন্ত্রী চলে যাওয়ার পর ত্রাণ গ্রহণকে কেন্দ্র করে উপস্থিত মানুষের মধ্যে হুড়োহুড়ি শুরু হলে ১০ থেকে ১২ জন আহত হন। আহতদের কয়েকজনকে দোহাজারী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
এনএনবাংলা/
Tags: Flood Relief Bangladeshঅর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীত্রাণ বিতরণমঞ্চ ধস
এ সম্পর্কিত আরও পড়ুন