হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৭৩০

দেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজন ঢাকা বিভাগে এবং একজন করে সিলেট ও রংপুর বিভাগে মারা গেছে।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বুলেটিনে জানানো হয়, গত ১৫ মার্চ থেকে দেশে হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩০ জনে। এ ছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছে ৯৫ জন।
বুলেটিনে আরও বলা হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় ১১৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে নিয়মিত হামের তথ্য প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, গত প্রায় সাড়ে চার মাসে হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩২০ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেটে ১০৭, রাজশাহীতে ৯০, ময়মনসিংহে ৬৯, চট্টগ্রামে ৫৭, বরিশালে ৪৪, খুলনায় ৩২ এবং রংপুর বিভাগে ১১ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরও ৯৯২ জন রোগী এসেছে। তাদের মধ্যে ভর্তি হয়েছে ১ হাজার ৪১৫ জন। বিভাগভিত্তিক ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৩৪৭ জন, চট্টগ্রামে ৭২৯ জন, বরিশালে ১০৪ জন, সিলেটে ৭২ জন, ময়মনসিংহে ৬৪ জন, খুলনায় ৪৬ জন, রাজশাহীতে ৪০ জন এবং রংপুরে ১৩ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম রোগী ভর্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭ হাজার ৬৫৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৩ হাজার ৪৬৭ জন।
এ ছাড়া দেশে বর্তমানে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৪ হাজার ৭৪৫ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৫ হাজার ৫৫৫।
এনএনবাংলা/
