Skip to content

৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল তিনটি শর্তে লাইসেন্স ফিরে পেয়েছে। সোমবার (২৭ জুলাই) হাসপাতালটির আইনজীবী শিশির মনির এ তথ্য জানিয়েছেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল লাইসেন্স ফিরে পেল।’

এর আগে, গত ১১ জুন ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর।

সেদিন স্বাস্থ্য অধিদপ্তরের জারি করা চিঠিতে বলা হয়, লাইসেন্স বাতিলের পরবর্তী ৩০ দিনের মধ্যে সরকারের কাছে আপিল বা পুনর্বিবেচনার আবেদন করার আইনি সুযোগ রয়েছে।

চিঠির বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছিল, ‘আদ্-দ্বীন হাসপাতাল, ২ বড় মগবাজার, ঢাকা-এর কারণ দর্শানোর জবাবের পরিপ্রেক্ষিতে প্রদত্ত সিদ্ধান্ত।’

চিঠিতে আরও বলা হয়, গত ২৭ মে ছয় নবজাতকের আকস্মিক মৃত্যুর ঘটনায় দ্য মেডিক্যাল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অধ্যাদেশ, ১৯৮২-এর ১১(১) ধারা অনুযায়ী গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ৪ জুন হাসপাতাল কর্তৃপক্ষকে ‘লাইসেন্স কেন বাতিল করা হবে না’—মর্মে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। প্রথমে ৭ জুন বিকেল ৫টার মধ্যে জবাব দিতে বলা হলেও হাসপাতাল কর্তৃপক্ষের আবেদনের পর সময়সীমা ৯ জুন বিকেল ৫টা পর্যন্ত বাড়ানো হয়।

পরবর্তীতে ৯ জুন হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া জবাব ও ব্যাখ্যা সন্তোষজনক নয় বলে বিবেচনা করে দ্য মেডিক্যাল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অধ্যাদেশ, ১৯৮২-এর ১১(২)(খ) ধারা অনুযায়ী আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়।

আপিলের পর বর্তমানে তিনটি শর্তে হাসপাতালটির লাইসেন্স পুনর্বহাল করা হয়েছে বলে হাসপাতালটির আইনজীবী জানিয়েছেন। তবে শর্তগুলোর বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি।

এনএনবাংলা/