হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, আহত সারজিস-নাসীরুদ্দীন

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় এনসিপির মুখ্য সমন্বয়ক সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। হামলার সময় সাংবাদিকদের কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে।
এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত জানান, জুলাই পদযাত্রা চলাকালে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এতে এনসিপির নেতাকর্মীদের পাশাপাশি দায়িত্বরত সাংবাদিকরাও আহত হন।
তিনি আরও বলেন, হামলার সময় এনসিপির মিডিয়া টিমের একটি মাইক্রোবাস হবিগঞ্জ জেলা সার্কিট হাউসের ভেতরে নিয়ে গিয়ে ভাঙচুর করা হয়। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের অভ্যন্তরে এ ধরনের হামলাকে তিনি ন্যাক্কারজনক বলে উল্লেখ করেন। শুধু গাড়ি ভাঙচুরই নয়, হামলাকারীরা মোবাইল ফোন ও ক্যামেরাও নিয়ে গেছে বলেও দাবি করেন তিনি। এ ঘটনার একটি ভিডিও এনসিপির কাছে রয়েছে বলেও জানান সালেহ উদ্দিন সিফাত।
এদিকে, ফেসবুকে দেওয়া এক পোস্টে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দাবি করেন, পুলিশের উপস্থিতিতেই হামলার ঘটনা ঘটেছে। তিনি বলেন, এনসিপির মিডিয়া টিমের মাইক্রোবাস জেলা সার্কিট হাউসের ভেতরে নিয়ে ভাঙচুর করা হয়েছে, যা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের অভ্যন্তরে সংঘটিত রাজনৈতিক সহিংসতার একটি ভয়াবহ দৃষ্টান্ত। এছাড়া হামলাকারীরা মোবাইল ফোন ও ক্যামেরাও ছিনিয়ে নিয়ে গেছে বলে তিনি অভিযোগ করেন।
এনএনবাংলা/
