Skip to content

বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বিএনপি ও ছাত্রদলের পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘর্ষ এড়াতে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। বুধবার জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, উভয় পক্ষের বিপুলসংখ্যক নেতাকর্মীর সমাগম ও চলমান উত্তেজনাকে কেন্দ্র করে সংঘর্ষ, জানমালের ক্ষয়ক্ষতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে। এ কারণে জনস্বার্থে পুরো হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

এর আগে এনসিপি মৌলভীবাজার জেলার পূর্বঘোষিত দুটি ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করে হবিগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেয়। এতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহসহ কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকার কথা ছিল।

অন্যদিকে, হবিগঞ্জ সদর উপজেলা ও পৌর বিএনপি এবং জেলা ছাত্রদলও পৃথক কর্মসূচি ঘোষণা করে। এতে শহরের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সম্ভাব্য সংঘর্ষ ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের টাউন হলে এনসিপির পদযাত্রা শেষে স্টাফ কোয়ার্টার এলাকায় ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারী এবং হবিগঞ্জ জেলা শাখার সদস্যসচিব মাহবুব চৌধুরী মুবিনসহ অন্তত ১০ জন আহত হন। পরে পুলিশ আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সার্কিট হাউসে নিয়ে যায়।

রাত প্রায় ১১টার দিকে কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে এনসিপির কেন্দ্রীয় নেতাদের সিলেটে পাঠানো হয়।

এনএনবাংলা/