দেশি মাছ বাঁচাতে মধুখালীতে দুই মণ ‘চায়না দুয়ারি’ জাল পুড়লো উপজেলা প্রশাসন
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের গাড়িদহ নদীর আড়পাড়া চার খালের মাথায় মৎস্য সংশ্লিষ্ট আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট ও বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে পরিচালিত এ অভিযানে নদীতে ব্যবহৃত প্রায় দুই মণ ওজনের কয়েকটি অবৈধ ‘চায়না দুয়ারি’ জাল এবং খালের মুখে মাছ আটকে রাখার বিভিন্ন অবৈধ সরঞ্জাম জব্দ ও অপসারণ করা হয়। পরে জব্দকৃত ‘চায়না দুয়ারি’ জাল আগুন দিয়ে ধ্বংস করা হয়।
মধুখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন মধুখালী থানার এসআই মো. মাহমুদুল হাসানসহ মৎস্য অফিসের কর্মকর্তাবৃন্দ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস বলেন, ‘বর্ষাকাল দেশীয় প্রজাতির মাছের প্রজননের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এ সময় মাছ নদী-নালা ও খালে ডিম ছাড়ে এবং সেই ডিম থেকেই হাজার হাজার নতুন মাছের জন্ম হয়। অবৈধ জাল ব্যবহার করলে মাছের স্বাভাবিক প্রজনন ব্যাহত হয় এবং মৎস্যসম্পদের ব্যাপক ক্ষতি হয়। তাই দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় আমাদের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।’
তিনি আরও জানান, মৎস্যসম্পদ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি অবৈধ ‘চায়না দুয়ারি’ জাল ও নিষিদ্ধ পদ্ধতিতে মাছ আহরণের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এনএনবাংলা/
