Skip to content

অগাস্টে আওয়ামী লীগ তৎপর হতে পারে? স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘এত মুরোদ নেই’

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ শিগগিরই সক্রিয় হয়ে উঠবে বলে মনে করেন না স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে দুবাইয়ে জামিনে মুক্ত সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন বাতিলের জন্য নিয়োজিত আইনজীবী প্রতিষ্ঠানকে (ল ফার্ম) দ্রুত আদালতে আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অগাস্ট ঘিরে আওয়ামী লীগের সম্ভাব্য তৎপরতা সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের এত মুরোদ আছে বলে তো আমার মনে হয় না। একে তো নিষিদ্ধ ঘোষিত দল, মাফিয়া শক্তি; তারা মাঝে-মধ্যে বিদেশ থেকে উঁকিঝুঁকি দিচ্ছে, এর বেশি তৎপরতা তো দেখি না।’

গণঅভ্যুত্থানের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দাবির মুখে ২০২৫ সালের ১২ মে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা হয়।

সম্প্রতি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আগামী ডিসেম্বর নাগাদ দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনার কথা জানান। তিনি ইঙ্গিত দেন, দলের আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতাও তার সঙ্গে ফিরতে পারেন। এর মধ্যেই রোববার ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়, আগামী ৫ আগস্ট নয়াদিল্লিতে আয়োজিত একটি ভার্চুয়াল মতবিনিময় সভায় শেখ হাসিনা অংশ নিতে পারেন। দিনটি ছাত্র-জনতার আন্দোলনের মুখে তার দেশত্যাগের দ্বিতীয় বার্ষিকী।

আওয়ামী লীগের সম্ভাব্য তৎপরতা নিয়ে পুলিশকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটি নিয়মিত নিরাপত্তা ব্যবস্থার অংশ। তিনি জানান, পুলিশ সদস্যদের সবসময় সতর্ক থাকা, কোনো যানবাহন বা এলাকা অরক্ষিত না রাখা এবং দায়িত্বে সমন্বয় বজায় রাখার নির্দেশনা নিয়মিতভাবেই দেওয়া হয়।’

বেনজীরের জামিন বাতিলে আদালতে আবেদন

দুবাইয়ে জামিনে মুক্ত সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিষয়টি জানার পরই সরকার নিয়োজিত ল ফার্মকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের দূতাবাসের মাধ্যমেও যোগাযোগ করা হয়েছে।’

তিনি জানান, বেনজীর আহমেদের জামিনের শর্তগুলো জানতে আদালতের সার্টিফায়েড কপির জন্য আবেদন করা হয়েছে। একই সঙ্গে ল ফার্মকে দ্রুত আদালতে পিটিশন দাখিল করে তার জামিন বাতিলের উদ্যোগ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের সন্দেহ, তার কাছে অন্য দেশেরও পাসপোর্ট থাকতে পারে। তবে আদালতের বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য না জেনে মন্তব্য করতে চাই না। আমরা কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমেই তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছি।’

মতিঝিল ও আশুলিয়ার বোমা উদ্ধারের তদন্ত চলছে

উল্টো রথযাত্রার দিন মতিঝিল মেট্রোরেলের একটি পিলারের নিচে ছাতার ভেতর থেকে উদ্ধার হওয়া আইইডি এবং পরে আশুলিয়ায় একই ধরনের বোমা উদ্ধারের ঘটনায় তদন্ত চলছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘রথযাত্রা ও উল্টো রথযাত্রাকে নিরাপদ রাখতে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করেছে এবং উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।’

তার ভাষ্য, ‘কোনো পক্ষ হয়তো সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করেছিল। মতিঝিল ও আশুলিয়ার ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। আমাদের বিশেষ টিম এ ধরনের উগ্রবাদী ও নাশকতামূলক তৎপরতা সার্বক্ষণিক নজরদারিতে রেখেছে।’

সার্জিও গোরের সফর নিয়ে মন্তব্য

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের বাংলাদেশ সফর প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর সার্জিও গোর নিজেই বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা ও আশাবাদ ব্যক্ত করেছেন। তার মতে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের বর্তমান নেতৃত্বের অধীনে দেশের অগ্রগতির বিষয়ে ইতিবাচক প্রত্যাশা প্রকাশ করেছে।’

এনএনবাংলা/