পরীক্ষা নয়, এসএসসি ফলের ভিত্তিতেই হবে একাদশে ভর্তি

এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতেই আগামী শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। আগের বছরের মতো এবারও কেন্দ্রীয়ভাবে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে এবং মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।
এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে নীতিমালার প্রস্তাব পাঠানো হয়েছে। সোমবার (৩ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
তিনি জানান, এবারও একাদশ শ্রেণির ভর্তি প্রক্রিয়ায় বড় কোনো পরিবর্তন আনা হচ্ছে না। গতবারের মতো ফল বা নম্বরের ভিত্তিতেই শিক্ষার্থী ভর্তি করা হবে। সেই অনুযায়ী নীতিমালার খসড়া শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
আগামী ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এর আগে ২০ জুলাই ফল প্রকাশের পরিকল্পনা থাকলেও শিক্ষা বোর্ডগুলোর প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় তা পিছিয়ে দেওয়া হয়। এ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার সুযোগ পাবেন।
তবে উচ্চমাধ্যমিক পর্যায়ের অধিকাংশ কলেজ ও মাদ্রাসায় ফলের ভিত্তিতে ভর্তি হলেও নটর ডেম কলেজ, হলিক্রস কলেজসহ চার্চ পরিচালিত কয়েকটি কলেজে আদালতের নির্দেশনা অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সারা দেশের উচ্চমাধ্যমিক পর্যায়ের কলেজ ও মাদ্রাসাগুলোতে একাদশ শ্রেণিতে ২৬ লাখের বেশি আসন রয়েছে। অন্যদিকে, এবার এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছেন ১৮ লাখ ৫৭ হাজারের বেশি শিক্ষার্থী। ফলে আগের বছরের মতো এবারও একাদশ শ্রেণিতে উল্লেখযোগ্য সংখ্যক আসন খালি থাকার সম্ভাবনা রয়েছে।
এনএনবাংলা/
