স্বামীকে শেষ বিদায় জানাতে প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি

স্বামীকে শেষ বিদায় জানাতে মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনিকে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা ১৫ মিনিটে কড়া নিরাপত্তার মধ্যে পুলিশি পাহারায় তাকে মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়। তাকে বহনকারী প্রিজন ভ্যানের সামনে ও পেছনে পুলিশের দুটি পৃথক গাড়ি ছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. জান্নাত-উল ফারহাদ।
জেল সুপার জানান, দীপু মনিকে প্যারোলে মুক্তির জন্য বুধবার (১৯ আগস্ট) মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কাছে আবেদন করেন তার মেয়ে তনী দীপাভলী নেওয়াজ। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে দীপু মনিকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির অনুমতি দেওয়া হয়।
দীপু মনির স্বামী তৌফিক নাওয়াজ দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন।
শারীরিক অবস্থার অবনতি হলে তৌফিক নাওয়াজকে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিটে তিনি মারা যান।
পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, তৌফিক নাওয়াজের মরদেহ বৃহস্পতিবার সকালে ঢাকার কলাবাগানে তার নিজ বাসভবনে নেওয়া হয়েছে। সেখানে স্বামীর মরদেহ শেষবারের মতো দেখবেন দীপু মনি। এরপর মরদেহ নেওয়া হবে গুলশানের আজাদ মসজিদে। বাদ জোহর সেখানে জানাজা ও দোয়া শেষে বনানী কবরস্থানে তৌফিক নাওয়াজকে দাফন করা হবে।
দাফন শেষে নির্ধারিত সময় অনুযায়ী সন্ধ্যা ৬টার মধ্যে দীপু মনিকে আবার মুন্সীগঞ্জ জেলা কারাগারে ফিরিয়ে নেওয়া হবে।
এনএনবাংলা/এফএস

